২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তারেককে নির্বাচন করার সুযোগ দিন’

তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে তাকে আগামী নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে এই দাবির সঙ্গে বিএনপির অন্য নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

যুক্তরাষ্ট্র বিএনপির সঙ্গে তারেক পরিষদ কেন্দ্রীয় আন্তর্জাতিক কমিটির নেতারাও ওই সংবাদ সম্মেলনে ছিলেন।

সংবাদ সম্মেলনে আকতার হোসেন বাদল বলেন, “ক্ষমতা হারানোর পর শেখ হাসিনাকেও সন্তানের জন্যে নীরবে অশ্রু ঝরাতে হতে পারে, এমন পরিস্থিতি আমরা কামনা করি না।

“তাই আমরা আশা করছি, অবিলম্বে তারেক রহমানকে সসম্মানে বাংলাদেশে ফেরার পরিবেশ তৈরি করা হোক, তাকে সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হউক।”

খালেদা জিয়ার ছেলে তারেক জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হন। পরের বছর ২০০৮ সালে তিনি জামিনে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান।

এরপর দায়ের করা মুদ্রাপাচারের একটি মামলায় তারেককে দেশে ফেরাতে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

তার কয়েকদিন আগেই লন্ডনে দলের এক সভায় যোগ দিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেন। 

বাদল বলেন, “বহুমুখী ষড়যন্ত্রের শিকার হয়ে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে নির্বাসিত জীবন-যাপন করতে হচ্ছে। দুই সন্তানকে কাছে না পাওয়ায় নীরবে কাঁদছেন খালেদা জিয়া।”

তারেকের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথা তুলে বাদল বলেন,  উভয়েই বাংলাদেশের জনগণের প্রিয় নেতা। তাদেরকে নিজ নিজ অবস্থান থেকে মুক্ত স্বাধীনভাবে রাজনীতি করতে কারো বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়।

সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপি নেতা মহাদেব সরকার, চিত্তরঞ্জন সিংহ, জসীমউদ্দিন, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এক প্রশ্নের জবাবে আকতার হোসেন বাদল ও মহাদেব সরকার বলেন,  খুব শিগগিরই যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটি গঠন করা হবে।