২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিতে নালিশ বিএনপি এমপিদের

রাজশাহীতে গ্যাস সংযোগ দেয়ার মধ্যদিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে অভিযোগ করে নির্বাচন কমিশনের কাছে তার প্রতিকার চেয়েছেন বিএনপির সংসদ সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 10:56 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপির সাত জন সংসদ সদস্য সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তাদের অভিযোগ জানান।

নতুন নির্বাচন কমিশন গঠনের পর বিএনপির কোনো নেতা এই প্রথম ইসিতে গেলেন।

তবে এই সাক্ষাৎ দলের পক্ষ থেকে নয় বলে জানিয়েছেন মাহবুবউদ্দিন। তিনি সাংবাদিকদের বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তারা এই অভিযোগ জানিয়েছেন।

রাজশাহীতে সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে গত শুক্রবার পেট্রোবাংলার চেয়ারম্যান ওই নগরীতে গৃহস্থালিতে গ্যাস সংযোগ উদ্বোধন করেন।

রাজশাহীর বিদায়ী মেয়র এ এইচ এম খায়রুজ্জামান চৌধুরী লিটনের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল গ্যাস সংযোগ।

গ্যাস সংযোগ দেয়ার পর এবারের নির্বাচনেও সরকারি দল সমর্থিত প্রার্থী লিটনের পক্ষে সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল হয়।

বিএনপির সংসদ সদস্যরা অভিযোগ করেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর এই পদক্ষেপ বিধিবহির্ভূত।

ইসিতে নালিশ জানানোর পর মাহবুবউদ্দিন সাংবাদিকদের বলেন, “তফসিল ঘোষণার পর নির্বাচনী এলাকায় গ্যাস সরবরাহ কার্যক্রম উদ্বোধন করে পেট্রোবাংলা চেয়ারম্যান হোসেন মনসুর আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে ভোটারদের লোভ দেখিয়েছেন, যা সরাসরি আচরণবিধি লঙ্ঘন।”

তিনি জানান, উদ্বোধন অনুষ্ঠানে লিটন না থাকলেও তার নির্বাচনী প্রচারের সমন্বয়কারী মহাজোটের সাংসদ ফজলে হোসেন বাদশা উপস্থিত থেকে প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন।

এই বিষয়ে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ওই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইতোমধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যান ও রাজশাহীর ব্যবস্থাপককে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন।

“তাদের জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে,” বলেন সিইসি।

বিএনপির সংসদ সদস্যরা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানালেও সে ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে মনে করেন কাজী রকিব।

Image
সিইসি কাজী রকিব উদ্দীন আহমদ (ফাইল ছবি)

সিইসি কাজী রকিব উদ্দীন আহমদ (ফাইল ছবি)

পরিস্থিতি অবনতি হলে সেনা মোতায়েন করা হবে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটার (সেনা মোতায়েন) জন্যে টাইম লাগে না। সর্বদাই প্রস্তুত।” বিএনপির সংসদ সদস্যরা রাজশাহীতে ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে তার নির্বাচনী এজেন্ট তোফাজ্জেল হোসেন তপুর লিখিত অভিযোগ সিইসির কাছে জমা দেন। গত বছর কাজী রকিব নেতৃত্বাধীন ইসি গঠনের পর সমালোচনা করে আসছে বিরোধী দল।

এই প্রথম যুগ্ম মহাসচিব পর্যায়ের মাহবুবের নেতৃত্বে ইসিতে গেলেন আব্দুল মোমেন তালুকদার, জেড আই এম মোস্তফা আলী, এ কে এম হাফিজুর রহমান, গোলাম মোস্তফা, রেহেনা আক্তার রানু ও সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।

বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ করা হচ্ছে কি না- জানতে চাইলে মাহবুবউদ্দিন বলেন, “একজন নাগরিক হিসেবে এসেছি। আর দল কাউকে মনোনয়ন দেয়নি, আমরা সমর্থন দিয়েছি।”

একজন নির্বাচন কমিশনার জানান, নির্দলীয় এই নির্বাচনে দলীয়ভাবে অভিযোগ জানানোর সুযোগ নেই।