ছাত্রলীগনেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা
সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি আহম্মেদ রুবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক ছাত্রী।
সাভার মডেল থানায় রোববার মধ্যরাতে মামলাটি দায়ের করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন মো. শাহীন, তোফাজ্জল হোসেন, তুলি বেগম, নিলু, মো. রাজীব, আশিক, সায়েদ, মো. জয়, উর্মি, নওরীন এবং অজ্ঞাত পরিচয় আরো ৫/৬ জন।
মামলার বরাত দিয়ে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১০ সাল থেকে এ দুজনের পরিচয়। গত বছরের ৩ অক্টোবর তারা বিয়ে করেন।
কিন্তু গত বৃহস্পতিবার মেয়েটি জানতে পারেন রুবেল আবার বিয়ে করতে যাচ্ছেন।
তখন তিনি বিষয়টি জানতে চাইলে রুবেল বলেন, তার পরিবারের লোকজন বিয়ের ব্যাপারটি মেনে নেয়নি। তাই রুবেল স্ত্রীকে তার সঙ্গে পালানোর প্রস্তাব দেন।
মামলায় আরো বলা হয়, রুবেলের কথামতো তার স্ত্রী রোববার রাতে ব্যাংক কলোনি ছাপড়া মসজিদের সামনে গেলে তাকে মারধর করে ও হত্যার উদ্দেশে জোরপূর্বক স্যাভলন খাইয়ে দেয়।
এছাড়া নগদ এক লাখ টাকা ও পাঁচভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বাংলাদেশ মহিলা পরিষদের সাভার শাখার সেক্রেটারি পারভিন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ প্রথমে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা নিতে চায়নি।
একদিন ঘুরিয়ে সোমবার মামলাটি নথিভুক্ত করেছে, কিন্তু তারিখ লিখেছে রোববারের।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালি আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
