নারায়ণগঞ্জে ২ বাসে শিবিরকর্মীদের আগুন
হরতালের আগের রাতে নারায়ণগঞ্জে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।
রোববার রাতে চাষাড়ার দুটি এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল থেকে বাসে আগুন দেয় তারা।
সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে উত্তর চাষাঢ়া এলাকায় ১৫/২০ জনের একদল শিবিরকর্মী মিছিল বের করে। এসময় তারা নসিব পরিবহনের একটি গাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
তিনি বলেন, “একই কায়দায় তারা চাষাঢ়ায় কেয়ার হাসপাতালের সামনে আরকে টেক্সটাইলের একটি শ্রমিকবাহী গাড়িতেও আগুন দেয় শিবিরকর্মীরা।”
এসময় শ্রমিকরা শিবিরকর্মীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায় বলে জানান ওসি।
এছাড়া আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি।
