হিন্দুদের আর তাড়ানো যাবে না: সুরঞ্জিত
যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বানচালে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তো সফল হবে না।
“মন্দির, ঘরবাড়িতে আগুন দিয়ে আর তাদের (সংখ্যালঘু) তাড়ানো যাবে না, তারা এ দেশেরই মানুষ। তারা এদেশেই থাকবে। হিন্দুদের বাড়ি পুড়িয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেন না।”
কক্সবাজারে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর এবং যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে রায়ের পর হিন্দুদের ওপর হামলার প্রসঙ্গ ধরে রোববার সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন সরকারদলীয় এই সদস্য।
বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, একাত্তরে পাকিস্তানিরা যেভাবে মেরে-ঘরবাড়ি জ্বালিয়ে হিন্দুদের তাড়িয়ে দিয়েছিল, মুক্তিযুদ্ধের সময় দেড় কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিলো।
“সংখ্যালঘুরা নৌকায় ভোট দেয় বলে তাদের আর ঘারবাড়ি পুড়িয়ে তাড়ানো যাবে না।”
নির্বাচিত সরকারের অধীনে নির্বাচনের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে বিএনপির দাবিরও সমালোচনা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সরকারের সময়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের নজিরও বিরোধী দলকে স্মরণ করিয়ে দেন তিনি।
বিএনপি নেতা মওদুদ আহমদকে ‘অঘটনঘটনপটিয়সী’ অভিহিত করে সুরঞ্জিত বলেন, “ইয়ং মেম্বার আপনারা অনেকে জানেন, এখানো অনেকে আছেন যারা ক্রীড়নক, এখনো জীবিত।”
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে দাবি তিনি বলেন, “নির্বাচন করে নির্বাচন কমিশন।”
প্রস্তাবিত বাজেট নিয়ে নিয়ে বিরোধী দল এবং সুশীল সমাজের সমালোচনার জবাবে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত বলেন, “বাজেট পেশের পর থেকে অনেক কথা এসেছে। কেউ বলেছেন- বাজেট একটা বড় বেলুন, যেখানে বাতাস ভরা। কেউ বলেছেন- উচ্চাভিলাষী অবাস্তবায়নযোগ্য। কেউ বলেছেন- নির্বাচনমুখী। কেউ বলেছেন- তিন সরকারের।
“যিনি বেলুন তত্ত্ব দিয়েছেন তাকে বলবো- এই বেলুন একদিনে তৈরি হয়নি। মহাজোটের বাজেট বিগ হবেই। বিরোধী দল অতীতে যখন ক্ষমতায় ছিল তখন ৪% এর ওপর প্রবৃদ্ধি তুলতে পারেননি।”
আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, “কাজেই বাজেট বাস্তবায়ন নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।”
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাব প্রত্যাহার সম্পর্কে সুরঞ্জিত বলেন, “সংসদে এসে কথা বলুন। আমরা ৬৮ বিধি হোক, অন্য যে কোনো বিধিতে সারাদিন আলোচনা করতে পারি।”
