২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় থাকতে আলোচনায় আসুন: নাসিম

নির্বাচন নিয়ে কোনো প্রস্তাব থাকতে বিএনপিকে ‘সময় থাকতে’ সংসদে এসে আলোচনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

শনিবার রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “খালেদা জিয়ার উদ্দেশ্যে আহ্বান জানাই, সময় খুবই কম। হরতাল-নৈরাজ্য, জ্বালাও-পোড়াও আন্দোলন বন্ধ করে সময় থাকতে থাকতে আলোচনায় আসুন। সময় শেষ হয়ে গেলে সংলাপের সুযোগও বন্ধ হয়ে যাবে।”

দীর্ঘ অনুপস্থিতির পর গত সোমবার সংসদের অষ্টাদশ অধিবেশনে যোগ দিলেও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জমা দেয়া মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।

এ বিষয়টি উল্লেখ করে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক অনুষ্ঠানে আলোচনার পথ বন্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন। অবশ্য স্পিকার শিরীন শারমিন চৌধুরী আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার সুযোগ এখনো আছে।

নাসিম বলেন, “নিধারিত সময়ের মধ্যে অন্তর্বতীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের রায় অমান্য করার কোনো সুযোগ নেই।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, পল্লবী থানার সাংসদ ইলিয়াসউদ্দিন মোল্লা, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।