২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই বাজেট একটি সুন্দর বেলুন: মওদুদ

অর্থমন্ত্রী নির্বাচনের বছরে যে বাজেট প্রস্তাব করেছেন তাতে দেশে মূল্যস্ফীতি বাড়বে আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 08:29 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

তার ধারণা, ২ লাখ ২২ হাজার কোটি ডলারের এই বাজেট সাধারণ মানুষের কোনো উপকারে লাগবে না।

শুক্রবার এক আলোচনা সভায় বাজেটের প্রতিক্রিয়ায় মওদুদ বলেন, “বিরাট অংকের এই বাজেট সুন্দর একটি বড় বেলুন। এতে মূল্যস্ফীতি বাড়বে, বিনিয়োগ কমে যাবে। জিনিসপত্রের দামও বেড়ে যাবে।”

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৩-১৪ অর্থবছরের যে বাজেট উপস্থাপন করেন, তাতে ব্যয় ধরা হয়েছে দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। আর আয় ধরা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা।

জাতীয় প্রেস ক্লাবে ইসলামিক পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “কীভাবে এই বিশাল বাজেটের অর্থের সংস্থান করা হবে, তার কোনো হিসাব নেই। প্রত্যক্ষ ও পরোক্ষ কর বসিয়ে এই অর্থানের সংস্থান করা সম্ভবপর হবে না।”

বাজেটের অর্থ সংস্থান করতে গিয়ে ‘ব্যাপক অপচয় ও দুর্নীতি’ হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টির জন্য সরকারকে অভিযুক্ত করে মওদুদ বলেন, “১৯৯৪-৯৫ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি শেখ হাসিনার ব্রেইন চাইল্ড। এই দাবিতে অনেক প্রাণহানি ও হত্যার ঘটনা ঘটেছে। সম্পদের অপচয় ঘটেছে।”

এখন না মানলেও ‘সময়ের প্রয়োজনে একদিন’ আওয়ামী লীগকে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে হবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।

“গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”

ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল হক মজুমদার, ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি বক্তব্য দেন।

এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক সংসদের উদ্যোগে জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, “দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের চেয়ে রাজনৈতিক দিকটা বিবেচনায় নিয়ে এই বাজেট করা হয়েছে। বাজেটের কলেবর বাড়লেও মানুষের সুবিধা বাড়ানোর কোনো কথা চিন্তার প্রতিফলন এতে নেই।”

নির্বাচন সামনে রেখে এই ‘অবাস্তব’ বাজেট করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংগঠনের সভাপতি সহিদ উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপক এ এস এম ইউসুফ হায়দার, অধ্যাপক সুকোমল বড়ুয়া. সাবেক সাংসদ হেলেন জেরিন খান, ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম বাবুল এ আলোচনা সভায় বক্তব্য দেন।