‘মাইনাস টু’র কুশীলবরা ফের সক্রিয়: হানিফ
এক এগারোর মধ্য দিয়ে যারা প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে সরাতে চেয়েছিলেন তারা আবারো সক্রিয় হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ।
আগের দিন প্রেসক্লাবে ‘দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নয়’ শীর্ষক এক আলোচনা সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা রয়েছে, মোঘল বাদশা বা রাশিয়ার জারদের হাতেও এতো ক্ষমতা ছিল না।”
এর জবাবে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, “দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ না হলে কাদের হাতে নিরাপদ? যাদের কোনো জনসম্পৃক্ততা নেই, বিপদের সময় যারা দেশ ছেড়ে পালায়, তাদের হাতে দেশ নিরাপদ কি না জাতি জানতে চায়।”
শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘সমকালীন রাজনীতি, রাজনীতির ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে আকবর আলি খান ‘ব্যর্থ ছিলেন’ মন্তব্য করে তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে দেশের সুশীল সমাজের একাংশ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
“তারা তত্ত্বাবধায়ক প্রশ্নে গণভোটের প্রস্তাব দিয়েছেন। গণভোটের প্রচলন করেছিলেন জিয়াউর রহমান এবং এই ব্যবস্থার মাধ্যমে কারচুপির মাধ্যমে তিনি ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন।”
হানিফ বলেন, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। দেশের ভাল-মন্দ, জনগণের জান-মালের নিরাপত্তা বিধানের দায়িত্ব পাঁচ বছরের জন্য জনগণ আওয়ামী লীগকে দিয়েছে।
“এখন তারা গণভোটের কথা বলছেন, এর উদ্দেশ্য কী?”
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির মুলতবি প্রস্তাব প্রত্যাহারের সমালোচনা করে হানিফ বলেন, “ওই প্রস্তাব প্রত্যাহারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে- বিরোধী দল নির্বাচনকালীন সরকার নয়, বরং যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই আন্দোলন করছে।”
বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্যই বিএনপি ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদের মধ্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক ও সংসদ সদস্য তারানা হালিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
