গাজীপুরে বিএনপির মেয়র প্রার্থী মান্নান
নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নানকে সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
ফলে আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় ওই নির্বাচনে তিনি লড়বেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত আজমতউল্লাহ খানের বিরুদ্ধে।
এই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির নেতা কাজী মাহমুদুল হাসানও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বেশ আগেই মেয়র প্রার্থী ঠিক করলেও বিএনপির এম এ মান্নানের পাশাপাশি হাসান উদ্দিন সরকারও প্রার্থী হওয়ার লড়াইয়ে ছিলেন।
মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকে মেয়র পদে প্রার্থী হিসেবে এম এ মান্নানকে দলের সমর্থন দেয়ার সিদ্ধান্ত হয়ে বলে সাংবাদিকদের জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।
খালেদা জিয়ার সঙ্গে ওই বৈঠকে মান্নান ও হাসানের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আ স ম হান্নান শাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইয়েদুল আলম বাবুল, শওকত হোসেন সরকারও ছিলেন।
অধ্যাপক মান্নান ১৯৯১ সালে সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথমে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং পরে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন তিনি।
২০০১ সালের নির্বাচনে হাসান সরকারকে বিএনপি প্রার্থী করলে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন মান্নান। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
২০০৫ সালে মান্নান পুনরায় বিএনপিতে ফিরলেও তার সঙ্গে হাসান সরকারের দ্বন্দ্ব বিভিন্ন সময়ের প্রকাশিত হয়।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ৯ ও ১০ জুন এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন।
আজমত উল্লাহ খানের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন জানানো হলেও মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করে প্রচারে রয়েছেন তার দলের আরেক নেতা জাহাঙ্গীর আলম।
