বিএনপির সংসদীয় দলের বৈঠক বিকালে
সংসদ ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির সংসদীয় দলের সভা বসছে বিকালে।
চলতি নবম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শুরু হচ্ছে বিকাল ৫টায়। এ অধিবেশনেই মহাজোট সরকারের শেষ বাজেট উপস্থাপন করা হবে।
ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংসদীয় দলের বৈঠকে অংশ নিতে দলের সব সংসদ সদস্যকে বিকাল সাড়ে ৩টার মধ্যে সংসদ ভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাংসদদেরও এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।
ফারুক বলেন, “সংসদ অধিবেশনে যোগ দেয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হবে।”
টানা ৮৩ কার্যদিবস সংসদে অনুপস্থিত বিরোধী দলের সাংসদদের পদ রক্ষায় এ অধিবেশনেই সংসদে ফিরতে হবে। কার্যপ্রণালী বিধি অনুযায়ী, টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়।
এর আগে ৮৩ কর্ম দিবস অনুপস্থিতির পর সর্বশেষ গত বছরের ১৮ মার্চ বিএনপি সংসদ অধিবেশনে যোগ দেয়। এর আগেও টানা অনুপস্থিতির পর ২০১১ সালের ২৪ মার্চ অষ্টম অধিবেশনে যোগ দিয়েছিলেন তারা।
চলতি নবম সংসদের ৩৭০ কার্যদিবসের মধ্যে এ পর্যন্ত মাত্র ৫৪ দিন সংসদে ছিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সেই হিসাবে এই সংসদে ৩১৬ কার্যদিবস বর্জন করেছে বিরোধী দল, যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে রেকর্ড।
