২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রী দেশকে সুড়ঙ্গে ঠেলে দিচ্ছেন’

নির্দলীয় সরকার ব্যবস্থা না ফেরানোর সিদ্ধান্তে অনড় থেকে প্রধানমন্ত্রী দেশকে অস্থিতিশীলতার অন্ধকার সুড়ঙ্গে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছে বিএনপি।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 10:14 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

দলটির মুখপাত্র বলেছেন, অতীতে আওয়ামী লীগই বার বার ‘খাল কেটে কুমির’ এনেছে, কুমিরকে ‘লালন-পালন’ করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক প্রতিবাদ সভায় বলেন, “প্রধানমন্ত্রী এতোদিন সংকট নিরসনে সংলাপের কথা বলেছেন। এখন সম্পূর্ণ ইউটার্ন করে বলছেন, নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না। এভাবে প্রধানমন্ত্রী দেশকে এক অস্থিতিশীল, অনিশ্চিত অন্ধকার সুড়ঙ্গে ঠেলে দিচ্ছেন।”

অচিরেই সব দল একজোট হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে যোগ দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

শনিবার ফরিদপুর আওয়ামী লীগের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব গণতান্ত্রিক দেশে যে নিয়ম নির্বাচন হয়, আগামী দশম সংসদ নির্বাচন সেভাবেই হবে।

বিগত সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে বিরোধী দলীয় নেতার উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “আর খাল কেটে কুমির আনবেন না।”

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “এরশাদ ক্ষমতা দখলের পর শেখ হাসিনাই বলেছিলেন, উই আর নট আনহ্যাপি।  ২০০৭ সালে ফখরুদ্দিন আহমদ শপথ নেয়ার পর তিনি বলেছিলেন, ওই সরকার তাদেরই আন্দোলনের ফসল। চিকিৎসার কথা বলে বিদেশে যাওয়ার সময়ে বিমানবন্দরে তিনি বলেছিলেন, আগামীতে ক্ষমতায় গেলে ওই সরকারকে বৈধ্যতা দেবেন।

“সেই একই ব্যক্তির মুখে যখন খাল কেটে কুমির আনার কথা শুনতে হয়, তখন দুঃখ লাগে। এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।”

ফখরুল বলেন, ১৯৯৫ সালে জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীকে নিয়ে আওয়ামী লীগই নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করেছিল। আর এখন জনসমর্থন ‘কমে গেছে’ বুঝতে পেরে ‘আদালতের দোহাই দিয়ে’ নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করেছে।

সরকার সভা-সমাবেশের ওপর ‘বিধি নিষেধ’ জারি করে, বিরোধী দলের নেতা-কমীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে ও গ্রেপ্তার করে দেশে ‘ত্রাস ও নৈরাজ্যকর’ পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন বিএনপির মুখপাত্র।

ঢাকাস্থ নোয়াখালী-বেগমগঞ্জবাসীর উদ্যোগে সাংসদ ও বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সভা হয়। অবশ্য ঢাকার আদালত রোববারই বুলুর জামিন মঞ্জুর করে।

সংসদ আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জয়নাল আবেদিন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আলী নেওয়াজ বক্তব্য দেন।