জামিন পেলেন বিএনপির দুই সাংসদ
অধিবেশনে যোগ দেয়ার কারণ দেখিয়ে জামিন পেয়েছেন বিএনপির দুই সংসদ সদস্য এম কে আনোয়ার ও বরতউল্লাহ বুলু।
মহানগর দায়রা জজ জহুরুল হক রোববার সকালে তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন।
এই দুই নেতার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার কারাগারে যান সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি এবং মানহানির একটি মামলায়। আর বোমাবাজি ও ভাংচুরের আরেক মামলায় গত ১৫ মে গ্রেপ্তার হন বিএনপির যুগ্মমহাসচিব বরকতউল্লাহ বুলু।
সংসদের বাজেট অধিবেশন সামনে রেখে বিরোধী দলের এই দুই সাংসদকে মুক্তি দেয়ার বিষয়টি ‘আইনি প্রক্রিয়ায়’ বিবেচনার জন্য শনিবার আহ্বান জানিয়েছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ চেয়ে বিএনপির পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছিল।
সোমবার বিকালে সরকারের মেয়াদের শেষ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সদস্য পদ টিকিয়ে রাখতে হলে সংবিধানের নিয়ম অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের সাংসদদের এ অধিবেশনে যোগ দিতেই হবে।
গত ৫ মে পল্টন ও গুলিস্তানে হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় বায়তুল মোকাররমে বইয়ের দোকানে আগুন দেয়া হয়, যাতে পুড়ে যায় কয়েকশ কোরআন শরিফ।
এক কে আনোয়ার ৬ মে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ওই ঘটনা হেফাজতকর্মীরা ঘটায়নি, দোকানে আগুন দেয়া হয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষের নেতৃত্বে।
ওই বক্তব্যের পরদিনই দেবাশীষ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
এরপর আনোয়ার হাই কোর্ট থেকে দুই সপ্তাহের জামিন পেলেও তার মেয়াদ শেষে জামিন বৃদ্ধির আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় বিচারিক আদালত।
আর বরকতউল্লাহ বুলুকে গত ১৫ মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন তার জামিনের আবেদন নাকচ করে গত ১১ মার্চ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বোমাবাজি এবং কার্যালয় থেকে বোমা উদ্ধারের মামলায় তাকে কারাগারে পাঠায় হাকিম আদালত।
