২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চিকিৎসক বললেই দেশে ফিরবেন তারেক’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2013, 03:31 PM

Updated : 23 Aug 2022, 10:49 AM

ইন্টারপোলের সহযোগিতায় ‘ফেরারি আসামি’ তারেক রহমানকে গ্রেপ্তারে সরকারের হুঁশিয়ারির পর বিএনপির একজন শীর্ষ নেতা জানিয়েছেন, এ ধরনের বক্তব্যের কোনো আইনগত ভিত্তি নেই।

শুক্রবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া এ কথা জানিয়ে বলেন, “চিকিৎসক পরামর্শ দিলেই অসুস্থ তারেক দেশে ফিরবেন।তিনি (তারেক রহমান) ১/১১-এর অবৈধ সরকারের নির্মম নির্যাতনে অসুস্থ হয়ে লন্ডন গেছেন চিকিৎসার জন্য। চিকিৎসা শেষ না হওয়ার পর্যন্ত তার ফেরার অবস্থা দেখছি না।”

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বড় ছেলে তারেক দেশে ডজনের বেশি মামলা মাথায় নিয়ে গত ছয় বছর ধরে লন্ডনে রয়েছেন। গত সোমবার তিনি প্রথমবারের মতো লন্ডনে দলের এক অনুষ্ঠানে প্রকাশ্যে অংশ নেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আওয়ামী লীগকে চাপ দিতে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।

এরপর বৃহস্পতিবার বিকালে ১৪ দলের এক বৈঠক থেকে তারেককে যুক্তরাজ্য থেকে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় সরকারের কাছে। সেদিনের বৈঠকের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছিলেন, তারেক রহমান বিদেশে বসে বার বার সরকার উৎখাতের ষড়যন্ত্র করে যাচ্ছে।

এছাড়া শুক্রবার এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘ফেরারি আসামি’ তারেক রহমানকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে।

কামরুল ইসলামের এই বক্তব্যের জবাবে রফিকুল বলেন, “তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব কথা বলছেন। আগেও এমনটি অনেকবার বলতে শুনেছি। এর আইনগত কোনো ভিত্তি আছে বলে মনে হয় না।”

ক্ষমতাসীনরা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও অসত্য বক্তব্য দিয়ে তার চরিত্রহনন করছে বলেও অভিযোগ করেন তিনি।

আর মোহাম্মদ নাসিমের বক্তব্য প্রসঙ্গে তার বক্তব্য, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, তারেক রহমান লন্ডনে প্রকাশ্যে মিটিংয়ে নির্দলীয় সরকারের দাবিতে দেশের চলমান আন্দোলন আরো জোরালো করে সরকারের ওপর চাপ সৃষ্টির কথা বলেছেন। এখানে নাসিম সাহেব কোথায় ষড়যন্ত্র পেলেন!”

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেলে তারেক রহমানের বিরুদ্ধে ‘ক্ষমতাসীনদের অপপ্রচারের’ প্রতিবাদ জানাতে এই সংবাদ ব্রিফিং ডাকা হয়।

ব্রিফিংয়ে অবিলম্বে মোহাম্মদ নাসিমকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “অনেক ষড়যন্ত্র ও অপপ্রচারের পরও তারেক রহমানের জনপ্রিয়তা জনগণ ও প্রবাসীদের কাছে বৃদ্ধি পাচ্ছে। তিনি দেশে ফিরলে নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে প্রাণের সঞ্চার হবে; এটা ভেবে আওয়ামী লীগ ও তার সরকার আতঙ্কিত হয়ে এখন নানা অপপ্রচার করছে।”

“নাসিম একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা। ক্ষমতাসীন দলের হাইব্রিড নেতাদের মতো তার (নাসিম) কাছ থেকে অর্বাচিন বক্তব্য আমরা আশা করি না।”

অন্যদের মধ্যে দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।