২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংলাপের জন্য চিঠির কী দরকার’

আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে বিরোধী দল সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব চাইলেও সেক্ষেত্রে চিঠি দেয়াটা প্রয়োজনীয় নয় বলে মনে করছেন না স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2013, 08:16 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

সংলাপের চলমান আলোচনার মধ্যে তিনি শনিবার চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, “সংসদের ভেতরে বা বাইরে যে কোনো স্থানে সংলাপে বসার জন্য আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়েছি।

“আর এজন্য কাগজে বা চিঠি লিখে আমন্ত্রণ জানাতে হবে এমন কোনো কথা নেই।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে আসা বিএনপিকে চলতি মাসের শুরুতে সংলাপের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বিএনপি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সপ্তাহ আগে বলেছিলেন, দুই-এক দিনের মধ্যে চিঠি পাঠানো হবে।    

বিএনপি অবশ্য বলছে, সরকার সংলাপের কথা বলে দেশবাসীকে ‘বিভ্রান্ত’ করতে চাইছে।

Image
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত সেমিনারে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ১০, ২০১২

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত সেমিনারে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ১০, ২০১২

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মহীউদ্দীন খান আলমগীর বলেন, “আমরা বার বার তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা বলেছি, আপনারা সমাজ ও দেশসহ যে কোনো বিষয়ে আলাপ করতে চান আমরা প্রস্তুত আছি।”

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালির ভারতে থাকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তিনি নিজেই বলেছেন স্বপ্রণোদিত হয়ে ভারতে গেছেন। সাক্ষী দেয়ার পর সেখানে তাকে শাস্তি দেয়া হয়েছে, এটা বিশ্বাসযোগ্য নয়।”

শুক্রবার বিবিসি বাংলা সার্ভিসেরে এক প্রতিবেদনে বলা হয়, সাঈদীর মামলার সাক্ষী ‘নিখোঁজ’ সুখরঞ্জন বালি ভারতের কারাগারে রয়েছেন।