সরকার সংলাপ চায় না, অভিযোগ বিএনপির
আগামী নির্বাচন নিয়ে মতানৈক্য দূর করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, "সম্প্রতি সরকারের দমনপীড়নের ঘটনার মধ্য দিয়ে মনে হচ্ছে- তারা আলোচনা চায় না। সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় না। তারা সংলাপ পছন্দ করে কিনা- তা আজ সরকারকে স্পষ্ট করে বলতে হবে।"
তিনি বলেন, জাতিসংঘের সহকারি সেক্রেটারি জেনারেল বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাসহ অনেকের সঙ্গে সংকট সমাধানে কথা বলায় একটা আশার আলো দেখা গিয়েছিল।
জাতিসংঘ মহাসচিবের দূত হিসেবে চার দিনের সফরে শুক্রবার ঢাকা আসেন সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। গত কয়েকদিনে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে আগামী নির্বাচন নিয়ে তাদের মতানৈক্য দূর করতে এবং ‘দ্রুত’ সংলাপ শুরু করার তাগিদ দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে বান কি মুনের চিঠি পৌঁছে দেন তারানকো।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের জন্য বিরোধী দলকে প্রস্তাব দিলেও বিএনপি বলছে, আগে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে হবে, তারপরই আলোচনা হতে পারে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে সংবাদ সম্মেলন ডাকা হয়।
বুধবারের বিকালে পূর্বঘোষিত সমাবেশের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে শামসুজ্জামান দুদু বলেন, "দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের প্রবেশে বাঁধা দেয়া হচ্ছে। আমরা জানতে চাই- এই কার্যালয়টি কি সরকার সাবজেল ঘোষণা করেছে। বিএনপিকে কি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব বিষয়ে সরকারকে স্পষ্টভাবে বলতে হবে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে তিনি বলেন, "দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এর জন্য একজন ব্যক্তিই দায়ী। তিনি পদত্যাগ করলেই দেশে আর কোনো সংঘাত হবে না। আর কোনো সমস্যা থাকবে না।"
দুদু অভিযোগ করেন, সরকার বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। আমাদের কন্ঠরোধ করতে সভা-সমাবেশের ওপর বিধিনিষেধ দেয়া হচ্ছে।
