ফাঁকা মাঠে ‘গোল’ দিতে চান না ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাউকে বাইরে রেখে নয়, সব রাজনৈতিক দলকে নিয়েই আওয়ামী লীগ নির্বাচন করতে চায়।
“আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই সবার পার্টিসিপেশনে একটা ইলেকশন হোক,” বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
রাজনৈতিক সঙ্কট অবসানে সংলাপে সরকার আন্তরিক নয়- বিরোধী দলের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক সেমিনারে তিনি একথা বলেন।
কাদের বিরোধী দলের উদ্দেশে বলেন, “অন্ধকারে ঢিল না ছুড়ে সংলাপে বসে আলোচনা করুন। আলোচনায় বসলে তারপর বোঝা যাবে সরকার কতখানি আন্তরিক।”
সংলাপের মধ্য দিয়ে সঙ্কটের সমাধান হবে বলেও আশা করছেন তিনি।
নি:শর্ত আলোচনায় খালেদা জিয়া রাজি হয়েছেন- কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করে কাদের বলেন, “ইটস অ্যা গুড সাইন অব ডেমোক্রেসি। অন্ধকার দুর্যোগের মধ্যে হঠাৎ আলোর ঝলকানি।”
