সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সদ্য কারামুক্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি রওনা হবেন। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও যাচ্ছেন।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালে বিএনপি নেতার চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে বলে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে জানানো হয়েছে।
মির্জা ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার গলার ধমনীতে রক্ত চলাচলে জটিলতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন।
আরোগ্য লাভের জন্য দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
গত ৬ মে জামিনে কারামুক্ত হওয়ার পর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল।
সিঙ্গাপুর যাওয়ার আগে সোমবার রাতে দলীয় চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন তিনি।
গত ১১ মার্চ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানে মির্জা ফখরুলও গ্রেপ্তার হন। পরদিন তাকে ছেড়ে দেয় পুলিশ।
এরপর গত ৭ এপ্রিল কয়েকটি মামলায় বিচারিক আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমান সরকারের আমলে ফখরুল তিন দফা কারাভোগ করেন।
