২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘অপ্রাসঙ্গিক’: বিএনপি

তদন্ত না করে কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় বিরোধীদলীয় নেতাকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 04:03 PM

Updated : 25 Apr 2022, 06:42 PM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “আমরা গণমাধ্যমের সংবাদে দেখেছি, ৫ মে’র ঘটনার দিন বিজিবি-র‌্যাব-পুলিশের পাশাপাশি সাধারণ পোশাকে কিছু অস্ত্রধারী কখনো আগুন দিচ্ছে, কখনো গুলি ছুড়ছে, কখনো মানুষজনকে পেটাচ্ছে। তারা কারা? ওইসব অস্ত্রধারীরা গ্রেপ্তার হয়েছে কি না প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কেউ কোনো কথা বলেননি।

“আমরা আগেই ৫ মে’র ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছি। এখন প্রধানমন্ত্রী যা বলছেন, তা অপ্রাসঙ্গিক। ওই তদন্তের পর কার বিরুদ্ধে কী ধরনের মামলা হবে- কোরআন পোড়ানো বা মানুষ হত্যা। তা তখন বোঝা যাবে।”

এর আগে বিএনপির এক সংবাদ সম্মেলনে দলের নেতা এম কে আনোয়ার বলেছিলেন, বায়তুল মোকাররমের সামনে দোকানে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাসের নেতৃত্বে কোরআন পোড়ানো হয়েছিলো।

বৃহস্পতিবার দুপুরে গণভবনে ফেনী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভার প্রারম্ভিক বক্তব্যে শেখ হাসিনা হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের কর্মসূচির দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় বিরোধীদলীয় নেতাকে ‘হুকুমের আসামি’ করার কথা বলেন।

শামসুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী বিখ্যাত রাজনৈতিক পরিবারের সদস্য। তার কাছে দেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। তিনি প্রয়োজনীয় কথা বলবেন, দেশের মানুষ তা আশা করে।

বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হরতালের সর্বশেষ পরিস্থিতি জানাতে এই সংবাদ ব্রিফিং ডাকা হয়।

গত ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থানের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে ১৮ দলীয় জোট বুধ ও বৃহস্পতিবার হরতাল ডেকেছিলো।

হরতাল চলাকালে ফেনী, চাঁপাইনবাবগঞ্জ ও যশোরে তিনজন পুলিশের গুলিতে নিহত হয়েছে দাবি করে শামসুজ্জামান বলেন, বৃহস্পতিবারের হরতাল চলাকালে রাজধানীসহ সারাদেশে দলের ৯৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত হয়েছে ১০৯ জনের বেশি।

হরতালে দেশের মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে দাবি করে তিনি বলেন, “সরকারকে বলব, এখনো সময় আছে- দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে পদত্যাগ করুন। নইলে গণঅভ্যুত্থানে আপনাদের পতন ঘটবে।”

দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের বাসায় পুলিশি তল্লাসি ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আবারো গ্রেপ্তার করে চারদিনের পুলিশি রিমান্ডে নেয়ার নিন্দা জানান শামসুজ্জামান।

তিনি বলেন, “এভাবে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে সরকার বর্তমান পরিস্থিতিকে পাশ কাটাতে পারবে না।”

সংবাদ ব্রিফিংয়ে খালেদা জিয়ার আহ্বান সম্বলিত ‘পৈশাচিক গণহত্যা : কাঠগড়ায় আওয়ামী লীগ’ শিরোনামের প্রচারপত্রর কপি সাংবাদিকদের সরবরাহ করা হয়।

শামসুজ্জামান বলেন, “সরকার এই লিফলেটটি ছাপাতে দেয়নি। ছাপাখানা থেকে পুলিশ তা বাজেয়াপ্ত করে নিয়েছে। সেখান থেকে নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। এরকম সাধারণ লিফলেট পর্যন্ত সরকার ছাপাতে দিচ্ছে না। দেশে কি জরুরি অবস্থা রয়েছে?”