‘আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য মানুষ বিশ্বাস করে না’
মতিঝিলের শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে সরকারের কাছে পূর্ণাঙ্গ ব্যাখ্যা চেয়েছে বিএনপি।
দলটি আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছে।
মঙ্গলবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, “ওই দিনের ঘটনা সম্পর্কে বিজিবি প্রধান ও পুলিশ কমিশনার একটি বক্তব্য দিয়েছেন। ওইসব বক্তব্য তারা নিজেদের বিশ্বাস থেকে বলেছেন, না কি উপরের নির্দেশে বলেছেন, তা আমার জানা নেই। তবে তাদের এই বক্তব্য দেশের মানুষ বিশ্বাস করে না। জনসাধারণ আস্থায় নেয়নি।”
বিএনপি ও হেফাজতে ইসলাম পুলিশের ওই অভিযানে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করার অভিযোগ আনায় এবং এ নিয়ে ইন্টারনেটে বিভিন্ন ধরনের ‘অপপ্রচার’ চলতে থাকায় বুধবার সাংবাদিকদের সামনে পুরো ঘটনা ব্যাখ্যা করেন মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
অভিযানে বহু হেফাজত কর্মী হতাহতের প্রচারণাকে ‘মিথ্যা ও বানোয়াট’ উল্লেখ করে বেনজির বলেন, এতে যেসব অস্ত্র ব্যবহার করা হয়, সেগুলো প্রাণঘাতী নয়।
এ বিষয়ে দুদুর কাছে জানতে চাওয়া হয় তাহলে পুলিশ কমিশনারের বক্তব্য তারা অগ্রহণযোগ্য বলে মনে করেন কি না- জবাবে তিনি আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, “আমি আগে যা বলেছি, তার বাইরে কিছু বলব না।”
তিনি বলেন, “অভিযানের সময় সেখানে সাংবাদিকদের থাকতে দেয়া হয়নি। আমরাও সেখানে ছিলাম না। দেশি-বিদেশি প্রচার মাধ্যমে অসংখ্য মানুষকে হত্যার কথা বলা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত এই বিষয়ে কোনো ব্যাখ্যা ও প্রেস নোটের মাধ্যমে ওইসব তথ্যের বিরুদ্ধাচারণ কিংবা স্বীকারোক্তি কোনটাই করেনি।”
“সরকারের এরকম নীরবতা থেকে প্রমাণ হয়, সেই অভিযানে অসংখ্য মানুষ হত্যা করা হয়েছে অথবা নিখোঁজ হয়েছে বলে দেশবাসী মনে করে।”
