২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার অনুরোধে হরতাল স্থগিতের ঘোষণা খালেদার

সাভারে ধসে পড়া ভবন মালিক ও কারখানা মালিকদের গ্রেপ্তারের দাবিতে ডাকা হরতাল স্থগিত করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 09:45 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

আগামী বৃহস্পতিবার সারাদেশে এই হরতাল ডাকা হয়েছিল। তার দুদিন আগে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বিবৃতিতে হরতাল স্থগিতের কথা জানানো হয়।

“প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে, মানবতার স্বার্থে, জাতীয় এই ট্রাজেডির সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াবার সুযোগ করে দিতে আমরা ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত ঘোষণা করছি,” বলা হয় বিবৃতিতে।

সাভারে ভবন ধসে উদ্ধার কাজে সহায়তায় এই হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাভারে ধসে পড়া ভবনের মালিক ও কারখানা মালিকদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ভবন ধসে চারশ প্রাণহানির মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এই দাবিতে সিপিবিও বৃহস্পতিবার হরতালের ঘোষণা দিয়েছিল, পরে তারা কর্মসূচি স্থগিত করে।