২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে ছেড়ে আসুন, আলোচনা হবে: কামরুল

আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চাইলে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে হবে- বিএনপির উদ্দেশে একথা বলেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 10:33 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

সেই সঙ্গে তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন মেনে নিয়ে সংসদে এসে বিএনপিকে আলোচনা করতে হবে।

মঙ্গলবার সচিবালয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, “সংবিধানসম্মতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন। কমিশনকে আমরা আরো অনেক বেশি শক্তিশালী করতে পারি।”

বিএনপিকে সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারে নির্বাচিত প্রতিনিধিদের অবস্থান কী হবে, সে ব্যাপারে সংসদে আলাপ আলোচনা করতে পারি। সবাই মিলে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচন নিয়ে গ্রহণযোগ্য একটা সুন্দর ফর্মুলা আমরা বের করতে পারি।”

তবে বিএনপির সঙ্গে সংলাপের ক্ষেত্রে ‘বাধা’ রয়েছে বলে মনে করেন আইন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “সমস্যা থেকে সমাধানের জন্য একমাত্র পথ আলোচনা। কিন্তু রাজনৈতিক দল যখন সন্ত্রাসী দলে পরিণত হয়, রাজনৈতিক নেতৃবৃন্দের আচরণ যখন সন্ত্রাসী আচরণ হয়, যখন তারা আইনবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং তারা যখন বিচার ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করে, তখন তাদের সঙ্গে আপনি কীভাবে আলোচনা করবেন?”

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গ টেনে কামরুল বলেন, “যতক্ষণ পর্যন্ত তারা জামায়াতের সঙ্গ ত্যাগ না করবে, যতক্ষণ পর্যন্ত জামায়াত ছাড়া আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের অর্জনকে লালন করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত একাত্তরের ঘাতকদের নিয়ে বিভাজন দূর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনাই ফলপ্রসূ হবে না।”

জামায়াতের সঙ্গ ছেড়ে দিলে বিএনপির সঙ্গে আলোচনায় বসবেন কি না- এ প্রশ্নের জবাবে কামরুল বলেন, বিএনপি যদি জামায়াতকে ছেড়ে দিয়ে চলে আসে এবং সন্ত্রাসের পথ পরিহার করে তাহলেই একমাত্র আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব- সংলাপ ফলপ্রসূ হবে।

“কিন্তু জামায়াতকে সাথে নিয়ে, জামায়াতের সাথে আঁতাত থাকবে, ১৮ দলীয় ঐক্যজোট থাকবে, আবার সংলাপ করে আলোচনার মাধ্যমে আমরা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করবো- এটা একটা হাস্যকর চিন্তা।”

হরতাল নিয়ে তিনি বলেন, হরতাল একটি গণতান্ত্রিক অধিকার। ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই অধিকার হরণ করা হোক সেটা তিনি চান না।

“কিন্তু বর্তমানে হরতালকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, যেভাবে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে তাতে শান্তিপ্রিয় নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষ মনে করে হরতাল বন্ধে সরকারের একটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিৎ।”