২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলের আসনে আ. লীগ প্রার্থী মালেক

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুতে শূন্য নওগাঁ-৫ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে তার পরিবারের কেউ মনোনয়ন পাননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

ওই আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেককে।

সোমবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে তার মনোনয়ন চূড়ান্ত হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

আব্দুল মালেক বর্তমানে নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে ওই দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে।

মালেককে মনোনয়নের পক্ষে আশরাফ বলেন, “বিশাল ভোটের ব্যবধানে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।”

ওই আসনে জলিল পরিবারের কাউকে মনোনয়ন দেয়ার বিষয়ে আওয়ামী লীগে প্রাথমিক আলোচনা ছিল।

এর আগে আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর তার আসনে ছেলে নাহিম রাজ্জাক এবং আখতারুজ্জামান চৌধুরী বাবুর আসনে তার ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ এবং তার দুজনই এখন সংসদ সদস্য।

তবে চূড়ান্ত সিদ্ধান্তে জলিলের পরিবারের বাইরে থেকেই মনোনয়ন দেয়া হল।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জলিল গত ৬ মার্চ মারা যাওয়ার পর নওগাঁ-৫ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

আগামী ২৫ মে ওই উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৬ মে।

এই উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে জলিলের পরিবারের সদস্যরা ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী বকুর নাম আলোচনায় ছিল।

তবে ফজলে রাব্বী ও মালেক দুজনই বলেছিলেন, দল যাকে মনোনয়ন দেবে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করবেন তারা।

শেখ হাসিনার সভাপতিত্বে গত ৯ এপ্রিল দলের সংসদীয় বোর্ডের বৈঠকে নওগাঁ উপনির্বাচনে দলীয় প্রার্থিতার জন্য ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়ার সিদ্ধান্ত হয়।

এরপর গত শুক্রবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে উপ-নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ১৪ জনের সাক্ষাৎকার নেয়া হয়। সবশেষে সোমবার সিদ্ধান্ত জানানো হল।

সাম্প্রতিক উপনির্বাচনগুলোতে অংশ না নেয়া বিএনপি এই নির্বাচনও বর্জন করবে বলে ধারণা করা হচ্ছে।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি সামসুজ্জোহা খাঁন জোহার সম্প্রতি বলেন, “আমাদের নির্বাচনে না যাওয়ার সম্ভাবনাই বেশি।”

গত ২০০৮ এর নির্বাচনে আব্দুল জলিল নৌকা মার্কায় ১ লাখ ৩৬ হাজার ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল লতিফ খান পেয়েছিলেন ৯০ হাজার ৬৬২ ভোট।

সদর উপজেলার এই আসনে ৮৪টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৪০৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ১৩৬ জন এবং মহিলা ১ লাখ ৪০ হাজার ২৬৯ জন।