এই সরকার বোঝে শুধু নির্যাতন: মওদুদ
সরকার গণতন্ত্রের কথা বললেও বিরোধী দলের ওপর বেআইনিভাবে নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুরে কারাগার থেকে বেরিয়ে আসার পর কারাফটকেই তিনি এই অভিযোগ করেন।
সাবেক আইনমন্ত্রী মওদুদ সাংবাদিকদের বলেন, “সরকার নির্যাতন ছাড়া অন্য কিছু বোঝে না। তারা গণতন্ত্র চান, কিন্তু বিরোধী দল চান না। তারা আদালত চান, কিন্তু ন্যায়বিচার দেখতে চান না। আজকে আমরা তারই শিকার হচ্ছি।”
বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের কয়েকটি মামলায় রোববার আদালত থেকে জামিন পাওয়ার একদিন পর ছাড়া পান মওদুদ। তার সঙ্গে ছাড়া পান বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু ও ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
একই মামলায় এই তিন সংসদ সদস্য জামিন পেলেও তা পাননি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের সাত নেতা।
মওদুদ বলেন, “এখনো যে সব নেতৃবৃন্দ কারাবন্দি রয়েছেন, সাত দিনের মধ্যে হাই কোর্ট থেকে জামিন আনতে পারবো ইনশাল্লাহ, কারণ মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নির্দলীয় সরকারের দাবি প্রত্যাখ্যান করে আসা আওয়ামী লীগের প্রতি মওদুদ বলেন, “একটা সময় আসবে, বর্তমান সরকার নিজে থেকেই বুঝতে পারবে যে নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।”
এর ১৫ মিনিট আগে ছাড়া পান এ্যানি। তিনি ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ।
কারাগারের বাইরে বিএনপি নেতাকর্মীরা তিন নেতাকে স্বাগত জানান।
