২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশপ্রেমিক হলে হরতাল বন্ধ করুন’

দেশের স্বার্থে হরতাল না দেয়ার জন্য বিএনপি চেয়ারপার্সনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 10:01 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হরতালের সমালোচনা করে বিরোধীদলীয় নেতার উদ্দেশ্য নাসিম বলেন, “যদি দেশপ্রেমিক হন তবে হরতাল বন্ধ করুন। অযথা অন্যায়ভাবে হরতাল দিয়ে মানুষের ক্ষতি করবেন না। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করবেন না।”

এ সময় বিরোধীদলীয় জোটের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে বাইরে বেরোতে জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, “হরতালে বাইরে বের হন। ব্যবসায়ীরা দোকান খোলেন। ১৪ দল আপনাদের সাথে আছে। আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের নিরাপত্তা দেবে।”

শীর্ষ নেতাদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী মঙ্গলবার থেকে সারা দেশে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

এ বিষয়ে ক্ষমতাসীন দলের নেতা নাসিম বলেন, “যত ভয়-ভীতি ও হুমকি দেয়া হোক না কেন সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। প্রধানমন্ত্রী যদি মনে করেন তবে নির্ধারিত সময়ের আগে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে।”

আর আটক বিএনপি নেতাদের মুক্তির বিষয়ে তিনি বলেন, “আমরা চাই না কোনো রাজনৈতিক নেতা জেলে থাকুক। কিন্তু আইনের পথে তাদের বেরিয়ে আসতে হবে। তিনজনের জামিন হয়েছে। আইনের পথে বাকিদেরও হবে। কিন্তু একই ইস্যুতে আর কত হরতাল দেবেন?”

ফটিকছড়িতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের হরতালবিরোধী মিছিলে হামলায় হতাহতের ঘটনায় বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “হুমকি দিয়ে ফটিকছড়ির ভয় দেখিয়ে কথা বলবেন না। আপনাদের ভাষা এখন রাজনীতির নয়, গুন্ডামির।”

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির কঠোর সমালোচনা করে তিনি বলেন, “আপনাদের কোনো দাবি থাকলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি ইসলামের হেফাজত করতে চান তাহলে নির্বাচনে যান। ১৩ দফা নিয়ে জনগণের সামনে বলুন, আপনারা ইসলাম হেফাজতের ঠিকাদারি নিয়েছেন।”

তিনি বলেন, “কে আপনাদের ১৩ দফা দেয়ার অধিকার দিয়েছে। কোন জনগণ আপনাদের সাথে আছে? মাদ্রাসার কিছু লোক সাথে থাকলেই হবে না।”

বাংলাদেশে গণতন্ত্রের ফ্রি-স্টাইল চলছে মন্তব্য করে তিনি বলেন, “যে যার মতো বলছে জনগণ তাদের সঙ্গে রয়েছে।”

বাংলাদেশের বিশতম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদ নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান নাসিম।

‘বর্তমান রাজনীতি: ধ্বংসাত্মক কার্যকলাপ পরিহার’ শিরোনামের ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা বিভাগীয় যুগ্ম সম্পাদক ফেরদৌস খান আলমগীর।

সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, নাট্যব্যক্তিত্ব ইনামুল হক প্রমুখ বক্তব্য দেন।