ন্যায়ের পক্ষে থাকায় মাহমুদুরকে নির্যাতন: দুদু
সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।
শনিবার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘটনাকে সরকারের ‘কুৎসিত বাকশালী’ চেহারার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত তিনি করেন বলেন, “ক্ষমতাসীনরা ভেবেছে, তাকে নির্যাতন করে তার কলম বন্ধ করতে পারলেই সরকারের সীমাহীন দুর্নীতি ও শীর্ষ নেতাদের লুটপাটের কাহিনী প্রকাশ বন্ধ হয়ে যাবে। বরং এই নির্যাতনের মাধ্যমে সরকারের কুৎসিত বাকশাল চেহারা ফুটে উঠেছে।”
বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা মাহমুদুরের মুক্তির দাবি জানান।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ, শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ঢালাওভাবে ‘নাস্তিক’ আখ্যায়িত করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে যাকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছিল বেশ কিছুদিন ধরেই।
মেহেরপুরের সদর উপজেলার দলের সহসভাপতি শমসের মালিথাকে নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, এ হত্যাকান্ড প্রমাণ করে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের সরকার হত্যার লাইসেন্স প্রদান করেছে।
নয়া পল্টনে শামসুজ্জামান দুদু (মঙ্গলবার তোলা ছবি)
আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, “মুক্তি না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে। দাবি না মানলে গণঅভ্যুত্থানে সরকারের পতন ঘটানো হবে।”
এদিকে ছাত্রদলের কমিটি নিয়ে ক্ষোভ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, “ছাত্রদল একটি বৃহ ছাত্র সংগঠন। এখানে চাওয়া-পাওয়া ও ক্ষোভ থাকতেই পারে। সারাদেশে ক্ষোভ আছে, এটা ঠিক নয়।”
নয়া পল্টনের কার্যালয়ের সামনে সকালে বঞ্চিতদের একটি অংশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে- এমন তথ্য দিলে তিনি তা নাকচ করে দেন।
দুদু দাবি করেন, “আজ সকালে যা ঘটেছে, পুলিশ যেভাবে চেয়ে চেয়ে উপভোগ করেছে, আমরাও উপভোগ করেছি।”
গত ১৫ এপ্রিল রাতে আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও হাবিবুর রশীদ হাবিবের নেতৃত্বে ছাত্র দলের ২৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে শতাধিক বঞ্চিত নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করে স্লোগান দিয়ে চলে যান। কমিটির ঘোষণার পর বিক্ষুব্ধরা দুই দফা নয়া পল্টনের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
