২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে কঠোর কর্মসূচির হুমকি বিএনপির

আবদুল্লাহ আল নোমানসহ শীর্ষ নেতাদের মুক্তি না দিলে চট্টগ্রাম থেকে কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছেন বিএনপির এক নেতা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 03:34 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার সকালে বন্দরনগরীর জামালখান প্রেসক্লাবের সামনে শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন থেকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার এ হুমকি দেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই ফ্যাসিস্ট সরকার অবিলম্বে আবদুল্লাহ আল নোমানসহ শীর্ষ নেতাদের  মুক্তি না দিলে  চট্টগ্রাম থেকে বিএনপি কঠোর আন্দোলনের কর্মসূচি দেবে।”

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে শীর্ষনেতাদের গ্রেপ্তার করে সরকারবিরোধী আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতাও হরণ করছে বলে দাবি করেন তিনি।

কর্মসূচিতে অন্যদের মধ্যে  বিএনপির কেন্দ্রীয় নেতা এএম নাজিম উদ্দিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক  এনামুল হক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি মো. সালাউদ্দিন, চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি সিদ্দিক আহমদ চৌধুরী, মোজাফর আহমদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।