২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি ছেড়ে সন্ত্রাসী সংগঠন গড়ুন: বিএনপিকে হানিফ

ফটিকছড়িতে আওয়ামী লীগের মিছিলে হামলার ঘটনাটিকে ‘গণপ্রতিরোধ’ বলায় বিএনপির সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 10:25 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

গত ১১ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়িতে হরতালবিরোধী মিছিলের হামলায় নিহত হন তিনজন। জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের নেতারা ওই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগের মিছিলে ওই হামলাকে জনগণের ‘ক্ষোভের’ বহিঃপ্রকাশ বলে মনে করছে বিএনপি। 

রাজনৈতিক দলের একটি মিছিলে ওই হামলার বিএনপির কোনো নিন্দা না জানানোর সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।

তিনি শুক্রবার শিল্পকলা একাডেমিতে এক সভায় বলেন, “তারা (বিএনপি) বরং ঘোষণা দিয়েছেন, ভুজপুরের ঘটনা আরো ঘটবে।এটা কোনো রাজনীতির ভাষা হতে পারে না।

“হত্যা-খুন-হামলা সন্ত্রাসী কার্যক্রম, এগুলো কোনোভাবেই রাজনীতি নয়। আপনারা (বিএনপি) রাজনীতি ছেড়ে সন্ত্রাসী সংগঠন গড়ে তুলুন। বাংলার মানুষ আপনাদের রাজনীতিবিদ হিসেবে দেখতে চায় না।”

বিরোধী দলের উদ্দেশে আওয়ামী লীগ নেতা বলেন, “হরতাল দেয়া যেমন গণতান্ত্রিক অধিকার, তেমনি হরতাল পালন না করাও গণতান্ত্রিক অধিকার।”

হেফাজতে ইসলামের লংমার্চ ঘিরে ‘ষড়যন্ত্র’ হয়েছিল দাবি করে তিনি বলেন, “প্রচুর টাকা পয়সার লেনদেন হয়েছে। একটি বিশেষ মহল তাদের স্বার্থসিদ্ধির জন্য হেফাজতে ইসলামকে ব্যবহার করতে চেয়েছিলেন। তবে হেফাজতের শীর্ষ নেতারা এই ফাঁদে পা দেননি।”

হেফাজতে ইসলামকে রাজনীতিতে যুক্ত না হয়ে ধর্মীয় সংগঠন হিসেবেই থাকার পরামর্শ দেন হানিফ।

“আপনাদের নিয়ে ইতোমধ্যে অনেক প্রশ্ন উঠেছে। আমার অনুরোধ, আপনারা ধর্মের মধ্যেই থাকুন। জামায়াত-শিবিরের ফাঁদে পা দেবেন না।”

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপিকে মালয়শিয়ার ও ভারতের নির্বাচন পদ্ধতি দেখার পরামর্শ দেন হানিফ।

“আগামী ৫ তারিখ মালয়শিয়াতে জাতীয় নির্বাচন। আপনারা যান, দেখে আসুন নির্বাচন কমিশনের অধীনে কীভাবে নির্বাচন হচ্ছে। আমাদের পাশের দেশ ভারতে যান, দেখুন সেখানেও নির্বাচন কমিশনের অধীনেই যাবতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।”

বর্তমান সরকারের সময়ে নির্বাচন কমিশন সব নির্বাচন স্বাধীনভাবেই করতে পেরেছে, বলেন হানিফ।

সংঘাত বাদ দিয়ে বিরোধী দলকে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফেরার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সভায় বক্তব্য রাখেন হানিফ।

সভায় আলোচনা করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, পীযূষ বন্দোপাধ্যায়, ইনামুল হক, এটিএম শামসুজ্জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি এম এ করিম প্রমুখ।