২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রী ভয় পাচ্ছেন’

দেশের বিভিন্ন স্থানে ‘গণপ্রতিরোধ’ গড়ে ওঠায় সরকার ভয় পেয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 08:53 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

ফটিকছড়িতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলের হামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ধরে শুক্রবার এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই দাবি করেন।

ফটিকছড়িতে হামলায় নিহত হয়েছেন তিনজন। জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের কর্মীরা ওই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। 

আনোয়ার বলেন, “সরকারের পায়ের নিচে মাটি নেই। তাদের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ দেশের বিভিন্ন স্থানে গণপ্রতিরোধ গড়ে উঠছে।

“প্রধানমন্ত্রী গতকাল তার বক্তৃতায় বলেছেন, আর যাতে ফটিকছড়ির মতো ঘটনা না ঘটে, এজন্য দলীয় নেতা-কর্মীদের সোচ্চার হতে হবে। এর অর্থ হচ্ছে, প্রধানমন্ত্রীও ভয় পাচ্ছেন।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি মেনে নিলে সংঘাতের অবসান ঘটবে।

“সরকারকে বলব- ফটিকছড়ি, সাতক্ষীরা, পাবনা, বগুড়ার মতো ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না ঘটে, তার জন্য অবিলম্বে নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করে নির্বাচন দিন।”

তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনের সমালোচনা করে তিনি বলেন, “জনগণের মতামতের বিরুদ্ধে জোর করে এই সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনী জঙ্গলের আইনের চেয়েও খারাপ। আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে পঞ্চদশ সংশোধনী ছেঁড়া ন্যাকড়ার মতো রাস্তায় ফেলে দেয়া হবে।”

জাতীয় প্রেসক্লাবের সামনে যে মানববন্ধন কর্মসূচিতে এম কে আনোয়ার আনোয়ার অংশ নেন, তার উদ্যোক্তা ছিল মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানা বিএনপি।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আটক নেতাদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

বিরোধী নেতা-কর্মীদের ওপর দেশব্যাপী পুলিশের দমন-পীড়নের প্রতিবাদ জানান আনোয়ার।

পদ্মা সেতুর নিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী এই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছিলেন। দুর্নীতি দমন কমিশন বলেছিল, কোনো দুর্নীতি দেখছে না।

“এখন দুর্নীতির অভিযোগে কানাডীয় এসএনসি-লাভালিনকে ১০ বছরের জন্য বিশ্ব ব্যাংক নিষিদ্ধ করে দিয়েছে। সরকার এখন কী বলবে?”

মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন,সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী, সহসভাপতি ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর হায়দার চুন্নু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহও বক্তব্য রাখেন।

একই স্থানে একই দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের উদ্যোগের অন্য এক মানববন্ধনে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খান।

হেফাজতের বিরুদ্ধে নারী সমাবেশের বিষয়ে তিনি বলেন, “শাহবাগ নাটকের পর সরকার এখন নারী সমাজকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহারের ষড়যন্ত্র করছে।”

এদিকে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’র উদ্যোগে আটক নেতাদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া এতে বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলে মনে হয়, তিনি দেশে সংঘাত চান, সমঝোতা চান না। তিনি একদলীয় নির্বাচন করে ক্ষমতায় থাকতে চান।

“সেজন্য তার সরকার নির্দলীয় সরকারের দাবিকে ভিন্নখাতে প্রবাহিত করতে নানা ছলচাতুরি করে সময়ক্ষেপণ করছে।”

ফরিদা মনি শহিদুল্লাহর সভাপতিত্বে এই অবস্থান কর্মসূচিতে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলীম, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, মো. হানিফ, জাসাস সহসভাপতি বাবুল আহমেদ, সাবেক ছাত্র নেতা সুরঞ্জন ঘোষ প্রমুখ।