২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় গেলে ইউনূসকে ‘কাজে’ লাগাবে বিএনপি

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ পাওয়ায় মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, তারা ক্ষমতায় গেলে নোবেলজয়ী এই বাংলাদেশির প্রজ্ঞাকে জনস্বার্থে কাজে লাগাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 04:44 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশের কৃতি সন্তান ড. মুহাম্মদ ইউনূসকে কংগ্রেসনাল গোল্ড মেডেল প্রদানে আমি আনন্দিত ও গর্বিত। এই বিরল সন্মাননা অর্জনের মাধ্যমে তিনি দেশ ও জাতিকে আবারো বিশ্বসভায় সম্মানের আসনে অধিষ্ঠিত করলেন।”

দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসাবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কংগ্রেসের উভয় কক্ষের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বুধবার ক্যাপিটল ভবনে নোবেলজয়ী ইউনূসের হাতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দেয়া হয়।

তিনিই প্রথম বাংলাদেশি এবং প্রথম মুসলিম যিনি এই পদক পেলেন।

এই সন্মাননার মাধ্যমে ড. ইউনুস দেশ ও জনগণের কল্যাণে অবদান রাখতে আরো উৎসাহিত হবেন বলে আশা করেছেন বিএনপি চেয়ারপারসন।

ইউনূসকে সম্মান জানানোয় যুক্তরাষ্ট্রের কংগ্রেস, জনগণ, সরকার ও প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা।

অভিনন্দন বার্তায় ইউনূসের সঙ্গে সরকারের আচরণের বিষয়টি মনে করে তার জন্য দুঃখ প্রকাশ করেন খালেদা জিয়া।

“অর্থনৈতিক চিন্তা ও তত্ত্বকে মানুষের কল্যাণে রূপায়নের মাধ্যমে তিনি যখন একের পর একে আন্তর্জাতিক খ্যাতি ও সন্মান অর্জন করেছেন, তখন স্বদেশে সরকারিভাবে ড. ইউনূসকে নানা রকম হেয় প্রতিপন্ন করা প্রয়াস আমাদের ব্যথিত করে।”

ক্ষমতায় গেলে ড. ইউনূসকে উপযুক্ত মর্যাদা দিয়ে তার প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে জনগণের স্বার্থে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে ইমেজ বৃদ্ধি ও বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজে লাগাবার উদ্যোগ নেবেন বলে উল্লেখ করেন খালেদা।

পুরনো খবর:

যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্বর্ণপদক নিলেন ইউনূস
ইউনূসের বিরুদ্ধে পদক্ষেপ রাষ্ট্রীয় সন্ত্রাস: বিএনপি