ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক বিষয়ে সরকারের পদক্ষেপকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করেছে বিএনপি। ক্ষমতায় গেলে ব্যাংকটির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের সন্মান ও গৌরব ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী দল।
রোববার দুপুরে এক আলোচনা সভায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা মনে করি, অধ্যাপক ইউনূসের মতো একজন নাগরিকের বিরুদ্ধে মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছে, তা রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়। এই সরকারের আমলে একজন নোবেল বিজয়ী ব্যক্তির অবস্থা যদি এমন হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কোথায়, তা আজ সবাই বুঝতে পারছে।”
তিনি বলেন, “বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংককে তার পূর্বাবস্থায় ফিরিয়ে নেবে। কেবল তাই নয়, আমরা অধ্যাপক ইউনূসের বিশ্বব্যাপী যে খ্যাতি রয়েছে, তার পূর্ণ সদ্ব্যবহার করবো।”
সভায় অধ্যাপক ইউনূসকে সরকার নানাভাবে হয়রানি ও অপমান করা হচ্ছে বলেও অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দলীয়ভাবে নয়, জাতীয়ভাবে সবচেয়ে সম্মান্বিত ব্যক্তি হিসেবে তাকে স্বীকৃতি জানানো হবে। তার সন্মান ও গৌরব আমরা ফিরিয়ে দেব।”
গত ২ জুন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের বিধি পরিবর্তন করে ‘সংশোধিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ’ জারির সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসের নির্ধারিত বয়সের চেয়ে বেশি সময় থাকা বৈধ ছিল কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়।
এছাড়া গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ইউনূস ওয়েজ আর্নার হিসেবে বিদেশ থেকে কতো টাকা এনেছিলেন; তিনি তা আনতে পারেন কি না; ওই টাকার জন্য কী পরিমাণ কর অব্যাহতি নিয়েছেন- ইত্যাদি বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের আছে প্রতিবেদন চাওয়া হয়। এ মাসেই এ প্রতিবেদন জমা দেবে এনবিআর।
বর্তমান সরকারের সময়ে গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে কার্যত বাধ্য হওয়া ইউনূস সরকারের এই পদক্ষেপকে গ্রামীণ ব্যাংকের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা হিসেবে দেখছেন।
সাবেক আইনমন্ত্রী মওদুদ সরকারের সমালোচনা করে বলেন, “স্বাধীনতার পর নোবেল জয় করে অধ্যাপক ইউনূস বাংলাদেশের জন্য বিরল গৌরব বয়ে নিয়ে এসেছেন। আজ তাকে সরকার পদে পদে অপমান করছে। তিনি বিদেশ থেকে যেসব অর্থ গ্রামীন ব্যাংকের জন্য এনেছেন, তার কর দিয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। এভাবে বর্তমান সরকার একজন নোবেল বিজয়ী ব্যক্তিত্বকে অপমান করছেন।”
নোবেল বিজয়ী ব্যক্তিত্বকে অপমান করতে গিয়ে সরকার নিজেই অপমানিত হচ্ছেন বলে উল্লেখ করে মওদুদ বলেন, “তাই সরকারকে বলব, আর অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অপমান করবেন না। প্রতিহিংসামূলক সিদ্ধান্ত বন্ধ করুন।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ প্রজন্ম একাডেমীর উদ্যোগে ‘রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক : নাগরিক ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর এম এম মেজবুব রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৫১৪ ঘ.
bdnews24