১৮ দলের সমাবেশ থেকে কঠোর কর্মসূচির হুমকি
নির্দলীয় সরকার প্রতিষ্ঠা এবং আটক নেতাদের মুক্তি দাবিতে সমাবেশ থেকে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
সরকারকে দাবি মানার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “নইলে আগামীতে আরো কঠিন কর্মসূচি আসবে। দেশ সংঘাতের দিকে গেলে এর সব দায়ভার সরকারকেই বহন করতে হবে।”
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশে খন্দকার মোশাররফসহ ১৮ দলের নেতারা বক্তব্য রাখেন।
সংবিধানের ষোড়শ সংশোধনের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানান তারা।
বিএনপি নেতা মোশাররফ বলেন, “সরকারকে বলছি, আর বিলম্ব করবেন না। নির্দলীয় সরকার পদ্ধতি সংযোজনে সংবিধানের ষোড়শ সংশোধনী আনুন। দেশে আর কোনো রাজনৈতিক অস্থিরতা থাকবে না।”
নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে আলোচনার ‘পরিবেশ’ তৈরির জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের জমায়েত ছিল বেশি দেখা যায়।
এই সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টনের পূর্বে ফকিরেরপুলের পল্টন মডেল থানা এবং পশ্চিমে কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে কাঁটাতারের বেড়া দেয় পুলিশ। আশপাশের বিভিন্ন গলিতেও পুলিশ মোতায়েন ছিল।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চের চারপাশে বসানো ছিল সিসি ক্যামেরা।
নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে বিপরীত অবস্থানের মধ্যে আলোচনার জন্য বিরোধী দলের প্রতি সরকারের আহ্বানকে ‘ধোঁকাবাজি’ বলে দাবি করেন মোশাররফ।
“একদিকে আপনারা ১৮ দলীয় জোটের নেতাদের কারাগারে রাখবেন। নেতাদের ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে হয়রানি করবেন। আবার অন্যদিকে আলোচনার কথা বলবেন! এই ধোঁকাবাজি জনগণ এখন আর বিশ্বাস করে না।”
“আটক নেতাদের কারাগারে রেখে আলোচনার পরিবেশ সৃষ্টি হয় না। সরকারকে বলব, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মুক্তি দিন, মিথ্যা মামলা প্রত্যাহার করুন। ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতা-কর্মীদের সন্ধান দিয়ে আলোচনার পরিবেশ সৃষ্টি করুন,” আহ্বান মোশাররফের।
চলমান সঙ্কটের জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, “আগামী নির্বাচন হবে কি না- এ নিয়ে মানুষের মধ্যে আজ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করে তারা জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে দিয়েছে। তারাই বর্তমান সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির জন্য দায়ী।”
বিরোধী দলের শীর্ষ পর্যায়ের নেতাদের কারাগারে আটকে রেখে সরকার একতরফা নির্বাচন করতে চায় বলেও দাবি করেন মোশাররফ।
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের সমাবেশ।
“সরকার এক আবুলকে (সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন) বাঁচাতে গিয়ে এখন কানাডার আদালতে ‘বাবুলদের’ নাম এসে গেছে।”
বিরোধী দলের ওপর দমন-পীড়নের প্রতিবাদ জানিয়ে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা বলেন, “গোটা পুলিশ বাহিনীর ওপর আমাদের কোনো ক্ষোভ নেই। কিন্তু যারা এই ব্যর্থ ও গণবিরোধী সরকারের পদলেহন করছে; তাদের উদ্দেশ্যে বলব, এখনো সময় আছে, সাবধান হয়ে যান।
“তা না হলে যারা সাধারণ জনগণের ওপর গুলিবর্ষণ করবেন, তাদের নাম-ঠিকানা রেখে দেয়া হবে। একদিন তাদের বিচারের মুখোমুখি করা হবে।”
সমাবেশে বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, শামসুজ্জামান দুদু, মিজানুর রহমান মিনু, ফজলুল হক মিলন, মজিবুর রহমান সরোয়ার, জাফরুল হাসান, হাবিবউন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, তকদির হোসেন মো. জসিম, রফিকুল ইসলাম, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।
জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহ, মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, রেদোয়ান উল্লাহ শাহেদী, ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়েজউল্লাহও বক্তব্য রাখেন সমাবেশে।
