২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ ছাত্রদল নেতা-কর্মীর সন্ধান চায় বিএনপি

জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতা-কর্মীকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে পরে অস্বীকার করছে অভিযোগ করে অবিলম্বে নিখোঁজ নেতাদের সন্ধান দাবি করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 09:10 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

রোববার দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এই অভিযোগ করেন।

নিখোঁজরা হলেন, মহানগর দারুস সালাম থানা ১০নং ওয়ার্ডের ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মফিজুল ইসলাম রাশেদ ও হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের কর্মী মাহমুদুর রহমান। গত ৪ এপ্রিল রাশেদকে এবং ১০ এপ্রিল মাহমুদুর রহমান খানকে বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা তুলে নিয়ে যায়। এর পর থেকে তারা নিখোঁজ।

Image
নয়া পল্টনে শামসুজ্জামান দুদু (মঙ্গলবার তোলা ছবি)

নয়া পল্টনে শামসুজ্জামান দুদু (মঙ্গলবার তোলা ছবি)

শামসুজ্জামান দুদু বলেন, "সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর তাদের আত্বীয় স্বজনরা পুলিশ-র‌্যাব-ডিবি কার্যালয়ে গিয়ে নিখোঁজদের অবস্থান জানতে চেয়ে ব্যর্থ হয়েছেন। একটি স্বাধীন দেশে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা ও কেউ নিখোঁজ হলে তাকে খুঁজে করে বের করা সরকারের দায়িত্ব। আমরা ওই দুইজনের সন্ধান দিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।"

"আমরা স্পষ্টভাষায় বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কোনো নাগরিককে বাসা কিংবা রাজপথ থেকে তুলে নিয়ে পরবর্তীতে তাদের অবস্থান অস্বীকার করা সমাজ ও রাষ্ট্রের নাগরিকদের জন্য এক ভয়াবহ আতংক ও আইনের শাসনের সীমাহীন লঙ্ঘন।"

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, "আপনি ক্ষমতায় আসার আগে জনগণের জান-মালের নিরাপত্তা বিধানের অঙ্গীকার করেছিলেন। এখন ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ঘরে ঘরে পুলিশ দিয়ে নিরাপত্তা দেয়া সম্ভব নয়। তাই আমাদের প্রশ্ন, তাহলে আপনি কেনো ক্ষমতায় আছেন।"

কারাবন্দি দলের যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুকে ডিভিশন দেয়া হয়নি অভিযোগ করে শামসুজ্জামান দুদু বলেন, "সংসদ সদস্য বুলুকে জেলখানায় ডিভিশন না দিয়ে তাকে মানবেতন অবস্থায় রাখা হয়েছে। যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও সালাহউদ্দিন আহমেদ ভীষন অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না।"

তিনি অবিলম্বে তাদের সুচিকিৎসা ও বুলুকে কারাগারে ডিভিশন দেওয়ার দাবি জানান।

নিখোঁজ মাহমুদুর রহমান খানের বাবা মুখলেসুর রহমান বলেন, "ডিবি পুলিশকে আটক করে নেয়ার কাগজপত্র ও তাদের পরিচয়পত্র দেখাতে বললে, তারা কিছুই দেখায়নি। পরদিন আমি ডিবি কার্যালয় গিয়ে ছেলের খোঁজ জানতে চাইলে তারা তুলে নেয়ার বিষয়টি অস্বীকার করে। এ ব্যাপারে শনিবার মতিঝিল থানায় অনেকক্ষণ অপেক্ষা করে একটি জিডি করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলের দ্রুত সন্ধান দাবি করছি। দয়া করে আমার ছেলে খুঁজে বের করে দিন।"

সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলীয় সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মাজহারুল আনোয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মুনির খান, সহসভাপতি বাবুল আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদীর হোসেন মো. জসিম, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি বজুলল করীম চৌধুরী আবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।