২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার মধ্যযুগীয় কায়দায়  দেশ শাসন করছে’

সরকার ‘মধ্যযুগীয় কায়দায়’ দেশ শাসন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আবদুল মঈন খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 02:44 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শনিবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “দেশে কোথাও গণতন্ত্র নেই। অতীতে গণতন্ত্রকে হত্যা করে তারা দেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। আজ তারাই নব্য বাকশাল প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্রের লেবাস পরিধান করে মধ্যযুগীয় কায়দায় দেশ শাসন করছে।’’

দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আটকের প্রসঙ্গ টেনে মঈন খান  দাবি করেন, গোটা দেশটাকে সরকার কারাগারে পরিণত করেছে।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে ‘ মুক্তিযুদ্ধের চেতনা : অবরুদ্ধ গণতন্ত্র, বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এই আলোচনা সভার অায়োজন করা হয়।

মঈন খান দাবি করেন, মুক্তিযুদ্ধের চেতনা ‘গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি’- এই দুটি আজ বিলিন হওয়া পথে। এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলে একে অবরুদ্ধ করে রেখেছে। তারা কেবল গণতন্ত্রকে বিসর্জন দেয়নি, দুর্নীতি ও লুটপাট করে যারা দেশের অর্থনীতি ধবংস করেছে, তাদের  সরকার লালন করছে।

‘বাক স্বাধীনতা হরণে’ আওয়ামী লীগের অতীত ইতিহাস তুলে ধরে বর্তমানেও বিরোধী মতের ওপর সরকারের ‘দমননীতির’ কঠোর সমালোচনা করেন এই বিএনপি নেতা।

ক্ষমতাসীন দলের উদ্দেশ্যে মঈন খান বলেন, ‘‘ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। যে বা যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলে, তখনই তারা বলে- বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বানচালে সরকারের বিরুদ্ধে কথা বলছে। এ থেকেই আওয়ামী লীগের দেউলিয়াত্ব প্রমাণ হয়।”

তিনি নতুন প্রজন্মকে আওয়ামী লীগের অতীত ইতিহাস জানার তাগিদ দেন।

বিএনপির সহসভাপতি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমার নির্বাচনী এলাকা লালমোহনে চার বছরে ৬শ’ কর্মীকে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাজার হাজার নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। তাহলে আজ কোথায় গণতন্ত্র ?

‘‘এই সরকার বিরোধী দলের ওপর নির্মমভাবে নির্যাতন চালায়। মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনা ছিলো- গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা।’’

এ লক্ষ্যে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলন জোরদার করার আহবানও জানান হাফিজ।

সংগঠনের সভাপতি মান্নান হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, সাংসদ রাশেদা বেগম হীরা প্রমূখ বক্তব্য রাখেন।