২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে জোর সিপিডির

স্থিতিশীল অর্থনীতির জন্য সংঘাতের অবসান ঘটাতে দুই প্রধান রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে সিপিডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 01:54 PM

Updated : 25 Apr 2022, 06:36 PM

তবে তাদের এই প্রস্তাব শুনেও উপস্থিত রাজনীতিকদের কাছে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শনিবার তিনটি প্রস্তাব তুলে ধরেছে। 

নির্বাচনকালীন সরকারের একটি রূপরেখা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) উপস্থাপনের পরদিন এই প্রস্তাব এল। 

সিপিডির প্রস্তাবগুলো হচ্ছে- জীবন ও সম্পদের ক্ষতি করছে ধংসাত্মক ও নাশকতামূলক এমন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে; সংলাপের পরিবেশ তৈরি করতে গ্রেপ্তার হওয়া বিরোধীদলীয় রাজনৈতিক নেতাদের মুক্তি দিতে হবে; শীর্ষ রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

শনিবার রাজধানীর হোটেল লেইক শোরে ‘বাংলাদেশ ২০১৩ : অ্যাসেসিং ইকনোমিক ইসপ্লিকেশনস অফ দি প্রেজেন্ট পলিটিক্যাল শকস’ শীর্ষক সংলাপে রাজনীতিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এই প্রস্তাব উপস্থাপন করেন দেবপ্রিয় ভট্টাচার্য।

সিপিডির উপস্থাপনার বেশিরভাগ অংশজুড়েই ছিল হরতালের কারণে অর্থনৈতিক বাধাগ্রস্ত হওয়ার তথ্য ও বিশ্লেষণ।

সিপিপির সাবেক নির্বাহী পরিচালক দেবপ্রিয় বলেন, রপ্তানি প্রবৃদ্ধি, বিনিয়োগ ও বৈদেশিক সাহায্য কমছে। মুদ্রানীতিতে অর্থ সরবরাহ বাড়ানোর প্রয়াস থাকলে ঋণ চাহিদা কমে যাওয়ায় ব্যাংকগুলোতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ বাড়ছে।

হরতাল ও সহিংসতার কারণে বাংলাদেশের ‘নেতিবাচক’ চিত্র বিশ্ব সমাজের নজরে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

সবমিলিয়ে মোট দেশজ উৎপাদন (জিডিপি) লক্ষ্যমাত্রার (৭.২ শতাংশ) দশমিক ৯ শতাংশ কমে যাওয়ার ‘আশঙ্কা’ প্রকাশ করে তিনটি প্রস্তাব দিয়েছে সিপিডি।

তবে এসব প্রস্তাব বাস্তবায়ন নিয়ে সংশয় ফুটে ওঠে অনুষ্ঠানে উপস্থিত রাজনীতিকদের কথায়ই।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, “কথা তো ঠিক যে ধ্বংসাত্মক কার্কলাপ বন্ধ হবে, যদি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হয়। কিন্তু এটা কি সম্ভব? মোটেই নয়।”

সংলাপের সম্ভাবনা দেখছেন না জানিয়ে তিনি বলেন, “কারণ বিএনপি বলবে, সংলাপ হতে হলে তত্ত্বাবধায়ক আগে মানতে হবে। ইট ইজ নট পসিবল অ্যান্ড ইট উইল বি নেভার পসিবল (এটা কখনোই সম্ভব না)।”

সংবিধান সংশোধনের পর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় তা ফিরিয়ে আনার দাবি বিএনপি তুললেও আওয়ামী লীগ তা নাকচ করে আসছে।

“এই ইস্যুতে আওয়ামী লীগ কোনো আপস করবে না এবং এই ইস্যুতে বিএনপিও কোনো আপস করবে না। তাহলে আপনি কীসের ভিত্তিতে আলোচনা করবেন,” বলেন তোফায়েল।  

তিনি বলেন, “আবার বিএনপিকে বললাম, ইয়েস, আমি আপনার সঙ্গে সংলাপ করব, যদি আপনি জামায়াতকে ত্যাগ করেন। বিএনপি কখনোই জামায়াত থেকে আলাদা হবে না।

“তাই আমি বলছি, সংলাপের কোনো সম্ভাবনা নেই।”

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বিএনপিকে সংসদে ফিরে শর্তহীন আলোচনায় আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, “সংবিধান অনুযায়ী দেশ চালানোর শপথ নেয়া হলেও দেশ সংবিধান অনুযায়ী চলছে না।”

অনুষ্ঠানে বিএনপির সহসভাপতি ওসমান ফারুক তাদের আন্দোলনের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, “আমরা শুধু হরতালের বিরুদ্ধে বলছি। কেন হরতাল হচ্ছে, তা বলছি না।”

“দেশের পরিস্থিতি একটা অসহনীয় অবস্থায় চলে গেছে। এ থেকে উত্তরণের জন্য শুধু সরকারই নয়, বিরোধী দলেরও দায়িত্ব আছে। তবে হাঁটি হাঁটি পা পা করে সরকারকেই এগিয়ে আসতে হবে।”

সংলাপের বিষয়ে তিনি বলেন, “সংলাপে বসতে হবে, তবে তা মিনিংফুল হতে হবে।

“এক্ষেত্রে বিএনপির অবস্থান পরিষ্কার। যেহেতু শাসনতন্ত্র পরিবর্বনের বিষয়, তাই সরকারের সরোচ্চ পর্যায় থেকে সংশোধনের বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে।”

বিএনপি নেতা ব্যবসায়ীদেরকে ‘নিরপেক্ষ ও বলিষ্ঠ’ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, “হরতাল তখনি বন্ধ হবে যখন রাজনৈতিক সমাধানে আসতে পারব আমরা।”

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, বিরোধী দলের আস্থা নিয়ে সুষ্ঠু নির্বাচন দেয়া সরকারের একটা দায়িত্ব।

হরতালের কারণে পণ্য পরিবহণের বিভিন্ন বাধা তুলে ধরেন তিনি।

রাজনীতিকদের উদ্দেশে এই ব্যবসায়ী নেতা বলেন, “আপনারাই তো ক্ষমতায় আসবেন। তাহলে আজ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে আপনার কী পেতে চান?”

উৎপাদন খাতের পাশাপাশি সেবা খাতও আজ ধ্বংসের মুখোমুখি বলে মন্তব্য করেন আজাদ।

তিনি বলেন, “চার বছর আগে আমরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করেছিলেন। তারা পাঁচ বছর দেশ শাসন করবে।

“তাহলে চার বছর তিন মাস পর আজ আমাকে মারা হচ্ছে কেন? আমার পণ্যকে ধ্বংস করা হচ্ছে কেন? এ দেশকে রেড অ্যালার্ট জোন করা হচ্ছে কেন? আমাদের কী অপরাধ?”

“যে পরিস্থিতিতে ওয়ান ইলেভেন এসেছিল সে পরিস্থিতি কি এখন প্রিভেইল করছে না? তার চেয়েও খারাপ অবস্থা প্রিভেইল করছে। তাহলে আমরা যাচ্ছি কোথায়?” প্রশ্ন রাখেন আজাদ।  

পুরনো খবর:

নির্বাচনকালীন সরকারের ‘রূপরেখা’ প্রস্তাব টিআইবির