২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টিআইবিকে অভিনন্দন, তবে আলোচনার পরিবেশ নেই’

নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেয়ার জন্য টিআইবিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 07:54 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

তবে দুর্নীতিবিরোধী সংগঠনটির দেয়া রূপরেখা বাস্তবায়নে আলোচনার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিরোধীদলীয় নেতা-কর্মীদের মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তিনি।

নির্বাচন নিয়ে দুই প্রধান দলের পরস্পরবিরোধী অবস্থানের মধ্যে নির্বাচনকালীন সরকারের একটি রূপরেখা শুক্রবার সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করেছে টিআইবি।

তাদের প্রস্তাবে বলা হয়েছে, দুই প্রধান রাজনৈতিক জোটের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ‘সংসদীয় ঐকমত্য কমিটি’ হবে। এই কমিটি নির্বাচনকালীন সরকারের প্রধানসহ ১১ সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভা মনোনীত করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ শনিবার এক অনুষ্ঠানে বলেন, “টিআইবি তার প্রস্তাবের প্রথম অংশে বলেছে, সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে হতে পারেন না। এই বক্তব্যের জন্য আমরা তাদের অভিনন্দন জানাই।”

ওই প্রস্তাব বাস্তবায়নে দুই দলের আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “ওই রকম ঐক্যমতের কমিটি গঠন করতে হলে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা হতে হবে।

“আমরা মনে করি, দেশে বর্তমানে আলোচনার কোনো পরিবেশ নেই। এই পরিবেশ সৃষ্টি করতে হলে আগে আটক নেতাদের বিনা শর্তে মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা সরকারকে প্রত্যাহার করে নিতে হবে।”

Image
খন্দকার মোশাররফ হোসেন

খন্দকার মোশাররফ হোসেন

“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এই পরিবেশ সৃষ্টি না হলে সরকারের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না,” বলেন তিনি।

টিআইবির প্রস্তাব বাস্তবায়নে সরকারের ভূমিকাই মুখ্য- এই মন্তব্য করে মোশাররফ বলেন, সরকার মনোভাব জানার পর তারা এই বিষয়ে দলীয় অবস্থান আনুষ্ঠানিকভাবে জানাবেন।

টিআইবির প্রস্তাবের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, “নতুন নতুন ফলা দিয়ে জটিলতা সৃষ্টি করলে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে না।”

মোশাররফ বলেন, “আওয়ামী লীগ সরকার দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায়। আমরা বলে দিতে চাই, নির্দলীয় ছাড়া কোনো নির্বাচন এদেশে হতে দেয়া হবে না।”

জাতীয় প্রেসক্লাবের সামনে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির উদ্যোগে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ আটক নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোশাররফ।

গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অর্পণা রায় দাশসহ স্থানীয় নেতারা এতে বক্তব্য রাখেন।

আটক বিএনপি নেতাদের মুক্তি দাবিতে পল্টন থানা বিএনপি, জাগপা রাজধানী শাখার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আরো দুটি আলাদা মানববন্ধন হয়।

এগুলোতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, নির্বাহী কমিটির  সদস্য নুরুল কবীর শাহিন, মো. হানিফ, রফিক শিকদার, জাগপা‘র সাংগঠনিক সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান প্রমুখ।

‘নির্দলীয় না হলে গণঅভ্যুথান’

জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া বলেন, “সরকার যদি মনে করে, যেনতেনভাবে একটি নির্বাচন করবে, তা হলে তারা মহাভুল করবে।

“জনগণ জেগে উঠেছে। এখনো সময় আছে, আশা করি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে। নির্দলীয় সরকার পুনর্বহাল না হলে গণঅভ্যুত্থানে তাদের পতন ঘটবে।’’

মোস্তফা নুরউদ্দিন সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মুহাম্মদ আনোয়ার প্রমুখ।

পুরনো খবর:

নির্বাচনকালীন সরকারের ‘রূপরেখা’ প্রস্তাব টিআইবির