২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোজা পথে আসুন: বিএনপিকে আশরাফ

আলোচনায় সমাধান সম্ভব হলেও বিএনপি ভিন্ন পথ খুঁজছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 12:59 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

চলমান রাজনৈতিক সঙ্কট অবসানে দুই নেত্রীকে সংলাপে বসতে এইচ এম এরশাদের চিঠি পাঠানোর পর বৃহস্পতিবার এক গোলটেবিল বৈঠকে সরকারি দলের মুখপাত্র বিরোধী দলের ‘অনাগ্রহের’ কথা তুলে ধরেন।

আশরাফ বলেন, সরকার আন্তরিক হলেও বিএনপি সাড়া দিচ্ছে না।

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে দুই প্রধান দলের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সঙ্কট অবসানে আশরাফ সংলাপের কথা আগেও বলেছিলেন। তবে বিএনপি প্রথমে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র চাইলেও সম্প্রতি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংলাপ নাকচ করে আন্দোলনের ঘোষণা দেন।

আশরাফ দাবি করেছেন, ক্ষমতায় যেতে বিএনপি ‘অসাংবিধানিক’ পথ খুঁজছে এবং হেফাজতে ইসলামের লংমার্চ ছিল এরই অংশ।

হেফাজতের লংমার্চকে কেন্দ্র করে সরকার উৎখাতের ‘ষড়যন্ত্র’ ছিল- একথা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমও এর আগে বলেছেন।  

Image
সৈয়দ আশরাফুল ইসলাম।

সৈয়দ আশরাফুল ইসলাম।

আশরাফ বলেন, আওয়ামী লীগ ‘সংলাপের’ প্রক্রিয়া শুরু করলেও গত সপ্তাহে বিরোধী দলীয় নেতার অবস্থানের কারণে সে আলোচনা বিফলে গেছে।

“আমরা বলেছি- আলোচনার জন্যে প্রস্তুত, অনানুষ্ঠানিক আলোচনা চলছে। আলোচনা শুরু হয় আস্তে আস্তে। তৃতীয়-চতুর্থ ধাপের (নেতাদের) দিয়ে।”

“আমরা মূল আলোচনার পথে ছিলাম। গত সপ্তাহে তা হওয়ার কথা, এ ঘটনা (হেফাজতের লংমার্চ ঘিরে ষড়যন্ত্র) করে বিএনপি আলোচনায় আসেনি।”

আওয়ামী লীগ আলোচনা ‘চায় না’- বিএনপির এই বক্তব্যও নাকচ করেন আশরাফ।

তিনি বলেন, “আমরা মনে করি, আলোচনা বসলে সাংবিধানিক সমাধানের পথ বেরিয়ে আসবে।”

তবে তত্ত্বাবধায়ক বাতিল করে আদালতের দেয়া রায় লঙ্ঘন করে কিছু করার সুযোগ নেই বলেও বিরোধী দলকে স্মরণ করিয়ে দেন স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।

“তবে রায়ের ভেতরে আলোচনার মাধ্যমে ঐক্যমতের সুযোগ রয়েছে,” মন্তব্য করে ‘বাঁকা পথ’ না খুঁজে ‘সোজা পথে’ আসতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

“অতীতেও বিএনপি-আওয়ামী লীগ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। এবারো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে,” আশা প্রকাশ করেন আশরাফ।

এই প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক বিষয়ে আদালতকে জড়ানো ঠিক হবে না।

“পাকিস্তানে আদালতকে ব্যবহার করায় তারা গণতন্ত্রের পথে বারবার বাধা হয়েছে।”

সঙ্কটের সমাধান রাজনীতিকদের হাতে উল্লেখ করে তিনি বলেন, এতে হেফাজতের কোনো স্থান নেই।

“ভাংচুর করে লাভ নেই। হেফাজতিদের নিয়ে ভয় দেখিয়েও কাজ হবে না।”

আশরাফ দাবি করেন, বিরোধী দল হেফাজতে ইসলামকে ঢাকায় অবস্থান করিয়ে চার দিনের মধ্যে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিল।

“বিএনপি এখন আর তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে কথা বলে না। বিএনপি তাদের দাবি এখন হেফাজতে নিয়ে গেছে। সেখানেও তত্ত্বাবধায়ক নেই।”

হেফাজতের লংমার্চে বিএনপি কোটি কোটি টাকা ব্যয় করেছে দাবি করে তিনি বলেন, “বিএনপির অফিসে হেফাজতিদের জন্য বাবুর্চি, ডেকচি, চাল-ডাল, গরু-খাসির আয়োজন করে রেখেছিল। এ হেফাজতিরা চার দিন থাকবে-সব ব্যবস্থা করেছিল বিএনপি।”

Image
রাজধানীর মতিঝিলে শনিবার হেফাজতে ইসলামের সমাবেশের একাংশ।

রাজধানীর মতিঝিলে শনিবার হেফাজতে ইসলামের সমাবেশের একাংশ।

হেফাজতের ব্যানারে বিএনপি-জামায়াতকর্মীরা ঢাকায় জড়ো হয়েছিল দাবি করে আশরাফ বলেন, “লংমার্চের সময়ে যেন কেয়ামত হবে এমন প্রচার করা হয়েছে।

“কিন্তু হল বিকট শব্দের বদলে বেলুনে ফুস হয়ে হাওয়া বের হয়ে যাওয়া। বিএনপি কোটি টাকা দিয়েই ঢাকায় তাদের রাখতে পারেনি। আহত বিড়ালের মতো হেফাজতিরা লেজ গুটিয়ে চট্টগ্রামে চলে গেল।”

জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগ আয়োজিত ‘রাজনৈতিক সহিংসতা এবং নৈরাজ্য’ শীর্ষক ওই গোল টেবিলে চলমান পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, দেশ এখন গুরুত্বপূর্ণ সময় পার করছে। আগামী অন্তত ছয় মাস দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

“আমরা সবাই আতঙ্কিত, কিন্তু পরাজিত নই। আমাদের আদর্শ আছে, সংগঠন আছে; আমরা সংগঠিত, নেতৃত্ব আছে আমাদের। ভয়ের কোনো কারণ নেই।”

যে কোনো প্রতিকূলতা মোকাবেলায় আওয়ামী লীগ সক্ষম দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সতর্কবার্তা- “আবার অতি কনফিডেন্সও ভালো নয়।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। আওয়ামী লীগ যেভাবে অতীতে পরিস্থিতি মোকাবেলা করেছে, এবারো তাই হবে; হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট আমরা।”

৪২ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু থেকে এখন পর্যন্ত বিচারের আদ্যোপান্ত তুলে ধরেন স্থানীয় সরকারমন্ত্রী।

“যুদ্ধাপরাধীদের বিচার হবেই। কোনো শক্তি তা বাধাগ্রস্ত করতে পারবে না।“

সরকার ও আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের সমালোচনাও গুরুত্বের সঙ্গে নেয়া হচ্ছে বলে জানান এই মন্ত্রী।

নৈরাজ্যের জন্য ব্যক্তি ও গোষ্ঠীকে দায়ী করে হরতাল বন্ধে আইন প্রণয়নের দাবির বিষয়ে আশরাফ জানান, সরকারের কাছে তা উপস্থাপন করা হবে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন নূহ-উল আলম লেনিন, আবদুল মতিন খসরু, হাছান মাহমুদ, সাংবাদিক আবেদ খান, শ্যামল দত্ত, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, এফবিসিসিআইএর সাবেক সভাপতি এ কে আজাদ, এডাবের রোকেয়া কবির প্রমুখ।