২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াতের হেফাজত করলে হেফাজতকেও প্রতিরোধ’

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, জামায়াতে ইসলামকে ‘রক্ষার’ চেষ্টা করলে হেফাজতে ইসলামকেও জনগণ প্রতিরোধ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 10:52 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দাবিতে চট্টগ্রাম থেকে হেফাজতে ইসলামের লংমার্চের আগের দিন বৃহস্পতিবার এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

গণজাগরণ আন্দোলনবিরোধী হেফাজতের ভেতরে জামায়াত ঘাপটি মেরে আছে বলে দাবি করে আসছে সরকার।

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নাসিম বলেন, “আপনারা সত্যিকারের মুসলমান হলে ইসলামকে হেফাজত করুন, কিন্তু জামায়াতে ইসলামকে হেফাজতের চেষ্টা করবেন না।”

“আপনাদের লংমার্চ শান্তিপূর্ণ হলে কোনো সমস্যা নেই, কিন্তু বিশৃঙ্খলা করলে পার পাবেন না,” হেফাজতে ইসলামকে সতর্ক করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

ব্লগারদের গ্রেপ্তার নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্টদের সমালোচনার মধ্যে নাসিম বলেন, ধর্মকে কেউ আঘাত করলে তার বিচার হতে করে।

“তদন্তে যদি গ্রেপ্তারকৃতরা (ব্লগাররা) নির্দোষ প্রমাণিত হন তাহলে অবশ্যই খালাস পাবেন।”

ধর্মীয় উস্কানি দেয়ার অভিযোগে আমার দেশ পত্রিকা ও এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান আওয়ামী লীগের এই নেতা।

যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে তিনি বলেন, “শেখ হাসিনা জেনে শুনেই এ আগুনে (যুদ্ধাপরাধীদের বিচার) হাত দিয়েছেন। তিনি (শেখ হাসিনা) জানেন, কে কী ষড়যন্ত্র করছে।”

তবে এই বিচার শেষ করতে সময় লাগার ইঙ্গিত দিয়ে তা শেষ করতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এই আলোচনা সভায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর হোসেন পল্টুও বক্তব্য রাখেন।