২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইনের আওতায় জামায়াতকে নিষিদ্ধ করতে হবে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জামায়াতকে নিষিদ্ধ করতে হলে আইনের আওতায় করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার বিকালে চট্টগ্রামের লালদিঘী মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘‘সংবিধানে আছে কোনো দল সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হলে তাদের নিষিদ্ধ করার জন্য আইনে বিধান রয়েছে। হঠাৎ করে টেলিভিশন বা জনসভায় ঘোষণা দিয়ে জামায়াতকে নিষিদ্ধ করা সম্ভব হবে না। আমরা আইন ও সংবিধানে বিশ্বাসী।”

চট্টগ্রাম ১৪ দল এই জনসভার আয়োজন করে।

আওয়ামী লীগের এই মুখপাত্র আরো জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের আইন পরিবর্তন করা হয়েছে। যুদ্ধাপরাধীদের পাশাপাশি তাদের দলকেও বিচারের আওতায় আনা যাবে। আর বিচারে যদি প্রমাণিত হয়, তাহলে নিষিদ্ধও করা যাবে। জামায়াতকে নিষিদ্ধ করতে হলে আইনের পথে এগুতে হবে।

জামায়াত নিষিদ্ধের দাবিতে শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলনকে ‘যৌক্তিক’ আখ্যায়িত করে সৈয়দ আশরাফ বলেন, “আমিও তাদের যুক্তিকে বিশ্বাস করি। কিন্তু একটা সরকার আইন ও সংবিধানের কাছে বাধা।’’

হরতালে পুলিশের উপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, “আপনি দুইবার প্রধানমন্ত্রী ছিলেন। আপনি ভালোভাবে জানেন পুলিশ ও প্রশাসন কার? আজ যে পুলিশদের হত্যা করা হচ্ছে তারা আওয়ামী লীগের পুলিশ নয়।

“বর্তমানে যেভাবে পুলিশের উপর হামলা হচ্ছে এবং পুলিশকে প্রতিপক্ষ মনে করা হচ্ছে তা কোন সভ্য দেশে সম্ভব নয় এবং বিএনপি’র মত দলের আচরণ হওয়া উচিতও নয়।”

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জনসভায় ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন হেফাজতে ইসলামকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা বলছেন সরকারের বিরুদ্ধে না, কিন্তু নারীনীতি-শিক্ষানীতি বাতিলের দাবি তুলছেন।”  

জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সাংসদ মঈনুদ্দিন খান বাদল হেফাজতে ইসলামীর আমীর আল্লামা আহমদ শফীর উদ্দেশে বলেন, “৬ এপ্রিল লংমার্চের আগের দিন একটি বিবৃতি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করুন।

“যুদ্ধাপরাধ ইসলামের আইনে বড় অপরাধী। এমন কোন কর্মসূচি দেবেন না যাতে তাদের সাথে ‘ট্যাগ’ হয়ে যায়। তাতে জনগণ আপনাকে ভুল বুঝবে।” 

সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী হেফাজতে ইসলামের আল্লামা শফীকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী আপনাকে কওমি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মনোনীত করেছেন। আপনার কিছু বলার থাকলে সরাসরি প্রধানমন্ত্রীকেই বলুন। 

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাংসদ নুরল ইসলাম বিএসসি, সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূইয়া, সদস্য আমিনুল ইসলাম আমিন, নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম প্রমুখ।