‘হুকুমের আসামি করলেও আন্দোলন বন্ধ হবে না’
হরতালে নাশকতার মামলায় খালেদা জিয়াকে ‘হুকুমের আসামি’ করে আন্দোলন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “দেশের মানুষ তাদের অধিকার রক্ষায় আজ রাজপথে নেমে এসেছে। পুলিশ-র্যাব নির্বিচারে মানুষ হত্যা করছে। এ রকম পরিস্থিতিতে সরকারের মন্ত্রীরা বলছেন, বিরোধী দলের শীর্ষ পর্যায়ের নেতাদের হুকুমের আসামি করা হবে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, আসামি করে কিংবা মামলা দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না।”
এর আগে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর হরতালের আগে ও পরে পরিবহন ভাংচুর ও আগুন দেয়ার ঘটনায় হরতাল আহ্বানকারীদের হুকুমের আসামি করা হবে বলে জানান।
ফখরুল বলেন, হরতালে রাজধানীসহ সারাদেশে দুই জন নিহত এবং দুই শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। আহতের সংখ্যা ৩৮২ জন।
রাজধানীর রামপুরার ২৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. হাসানকে ‘ক্রসফায়ারে’ হত্যার অভিযোগ তুলে ধরে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাসানকে পুলিশ বাসা থেকে ধরে নিয়ে কিছুক্ষণের মধ্যে ক্রসফায়ারে হত্যা করে তার লাশ ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে ফেলে রাখে।”
প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে হাসানকে ছিনতাইকারীর অপবাদ দিয়ে পুলিশ একটি বানোয়াট ঘটনা সাজিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, “ক্রসফায়ারে রাজনৈতিক কর্মীকে হত্যার ঘটনাই প্রমাণ করে দেশে কোনো আইনের শাসন নেই।”
একইভাবে চট্টগ্রামে পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগ-যুবলীগ জাতীয়তাবাদী যুবদল নেতা মো. বেলালকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, “তার বক্তব্যে নিরপেক্ষতা নেই। আছে প্রচ- দাম্ভিকতা ও সীমাহীন ধৃষ্টতা। তিনি আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে পুলিশ-র্যাব-বিজিবি রাতে অন্ধকারে ঘুমন্ত মানুষের ওপর গুলিবর্ষণ করে চলেছে।”
জোটের নেতাকর্মীদের মুক্তি দাবি করে তিনি বলেন, “এখনো সময় আছে পদত্যাগ করে বিরোধী দলের নির্দলীয় সরকারের দাবি মেনে নিন। আটক নেতাদের মুক্তি দিন। মিথ্যা মামলা প্রত্যাহার করুন।”
