সংসদ চত্বরে বিক্ষোভ বিএনপির সাংসদদের
ইসলামী ছাত্রশিবির ও ১৮ দলীয় জোটের হরতালের সমর্থনে সংসদ চত্বরে মিছিল-সমাবেশ করেছেন বিএনপির সংসদ সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির নয় জন সংসদ সদস্য দক্ষিণ প্লাজায় মিছিল করেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং সরকার পদত্যাগের দাবি জানান।
সমাবেশে বিএনপির সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, “সরকার যুদ্ধোপরাধীদের বিচার ও শাহবাগ আন্দোলনের মাধ্যমে জনগণকে বিভক্ত করেছে। পুলিশকে দলীয়করণ করে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে।”
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বহীন কথা বলবেন না। দায়িত্বহীন কাজ করবেন না।”
সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে গণমাধ্যমের গাড়ি পোড়ানোর ঘটনায় গোয়েন্দা সংস্থা জড়িত রয়েছে অভিযোগ করে তিনি বলেন, “গণমাধ্যম থেকে বিএনপিকে দুরে সরিয়ে ফেলার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।”
সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া বলেন, “জনগণের এখন একটাই দাবি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহাল করতে হবে।”
সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছেন মাহবুব উদ্দিন খোকন।
আওয়ামী লীগকেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুর্নবহাল করতে হবে- উল্লেখ করে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক ইস্যুতে কোনো ছাড় নেই। এ ব্যাপারে কোনো আলোচনা করা হবে না।”
বগুড়ার সংসদ সদস্য জেড আই এম মোস্তফা আলী বলেন, “বিরোধী দলীয় নেতাকে এই সরকার বাড়ি থেকে উচ্ছেদ করেছে। এখন তাকে হত্যা করার জন্য গুলশান অফিসে গুলি চালানো হয়েছে।
বিএনপির সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া, নাজিম উদ্দিন আহমেদ, মাহবুব উদ্দিন খোকন, জেড আই এম মোস্তফা আলী, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, রেহানা আক্তার রানু, শাম্মী আক্তার, রাশেদা বেগম হীরা ও নিলুফার চৌধুরী মনি বিক্ষোভ মিছিলে অংশ নেন।
