২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার মানুষহত্যার তাণ্ডব চালাচ্ছে: খালেদা

সরকারের বিরুদ্ধে সারাদেশে ‘মানুষহত্যার’ তাণ্ডব চালানোর অভিযোগ তুলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জনগণের প্রতি সরকার পতনের আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 02:18 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে চিনাইরগ্রামে এক পথসভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, “বর্তমান সরকার চুরি, দুর্নীতি, লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে। তারা সারাদেশে মানুষ হত্যা করে তা-ব চালাচ্ছে।”

সরকারকে ‘হটানোর’ জন্য আন্দোলনে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই সরকারের দুই কান কাটা। কানেও শুনে না, চোখেও দেখে না। তারা রাস্তার মাঝখান দিয়ে হাটে। এই সরকারের লজ্জা থাকলে আরো আগেই ক্ষমতা ছেড়ে দিতো। তাই এদের এখন বিদায় দেয়ার সময় এসেছে।”

“এজন্য শুধু সরকার হটানোর কথা বললেই হবে না, কাজে প্রমাণ করতে প্রস্তুতি নিতে হবে।”

ঢাকা থেকে বিকালে ব্রাক্ষণবাড়িয়া পৌঁছে খালেদা জিয়া টর্নেডোতে ক্ষতিগ্রস্ত এলাকা সুলতানপুর উর্শিয়ারা এবং বাসুদেব ইউনিয়নের জারুলতা গ্রাম পরির্দশন করেন। বিরোধী দলীয় নেতা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের সান্ত¡না দেন।

ওই এলাকা পরির্দশন শেষে বিকালে আখাউড়া সড়ক সংলগ্ন মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে পথসভাটি হয়। তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ, চাল-শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

গত ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় টনের্ডোর ছোবলে ৩৪ জনের প্রাণহানি হয়। আহত হয় তিন শতাধিক। পাঁচ শতাধিক বাড়িঘর ল-ভ- হয়ে যায়। টর্নেডোর তিন দিন পর ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গত এলাকা পরির্দশন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এর আগে বিকাল ৩টায় ব্রাক্ষণবাড়িয়া সার্কিট হাউজে পৌঁছান খালেদা জিয়া। ঢাকা থেকে আসার পথে রাজধানীর যাত্রাবাড়ি, ডেমরা, নরসিংদী, রায়পুরা, শিবপুর, ভৈরবসহ বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতাকে অভিনন্দন জানায়।

পথসভায় খালেদা জিয়া অভিযোগ করেন, “সরকার টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত  ত্রাণ সামগ্রি দেয়নি। লোক দেখানো ত্রাণ দেয়া হয়েছে।”

তিনি অবিলম্বে দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রি, বাড়ি-ঘর নির্মাণে টিন, নগদ অর্থ এবং কৃষকদের ঋণ প্রদানের প্রদানের দাবি জানান।

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে খালেদা জিয়া বলেন, “দেশ এক কঠিন অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে। আজ মানুষের কোনো নিরাপত্তা নেই। শিশু থেকে বৃদ্ধ সবাই নির্যাতনের শিকার হচ্ছে। সারাদেশে সরকার গণহত্যা ও মানুষহত্যার তাণ্ডব চালাচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “বর্তমান সরকারের আমলে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। দাঁড়ি-টুপি ওয়ালা মানুষ দেখলে পুলিশ হয়রানি করে। হিন্দু- বৌদ্ধও খ্রিস্টান ধর্মের মানুষজনকে নির্যাতন করছে। তাদের উপাসনালয় ভাংচুর করছে।”

সরকারের বিরুদ্ধে নির্বাচনী ওয়াদা ভঙ্গের অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসন বলেন, “চার বছরে চালের দাম কমেনি। কৃষকরা তাদের উৎপাদিত ধানের দাম পায়নি।”

চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে বেলকুচিতে পুলিশি অভিযানের সমালোচনা করে তিনি বলেন, “পুলিশ গুলি করে মানুষ হত্যা করছে। এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এমনকি মা-বোনেরা ঝাড়– ও লাঠিসোঠা নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের ধাওয়া করেছে।”

“এদের লজ্জা থাকলে এরকম অবস্থার পর তারা বহু আগেই পদত্যাগ করতো। কিন্তু তাদের সেই লজ্জা নেই।”

জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে পথসভায় ইসলামী ঐক্যজোটের মাওলানা আবুল হাসানাত আমিনী ছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় খালেদা জিয়া ঢাকার উদ্দেশ্যে রওনা হন।