২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে শনিবার হরতাল

একজন কর্মী নিহত এবং জেলা সভাপতিসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে শনিবার জামালপুরে অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

২৬ মার্চ স্বাধীনতা দিবসে সরিষাবাড়ি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দেয়া নিয়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন সরিষাবাড়ি পৌর বিএনপির সদস্য বেলাল হোসেন।

ওই ঘটনায় ওইদিনই এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপি এ হরতালের ডাক দেয়।

হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেট থেকে বের হয়ে বকুলতলায় শেষ হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জামালপুর পৌরসভার মেয়র ওয়ারেছ আলী মামুন বলেন, স্বাধীনতা দিবসে সরিষাবাড়ি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দেয়া নিয়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়।

এ সময় গুলিতে সরিষাবাড়ি পৌর বিএনপির সদস্য বেলাল হোসেন নিহত হন।

এছাড়া সরিষাবাড়ির সংসদ সদস্য মুরাদ হাসান জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সরিষাবাড়ি পৌরসভার মেয়র ফায়জুল কবির তালুকদার শাহীনসহ বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।