সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান ফখরুলের
মহাজোট সরকার ‘হটাতে’ সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
“আজকেও চাঁপাই নবাবগঞ্জে তিন জন এবং সিরাজগঞ্জে দুই জনকে হত্যা করা হয়েছে। এভাবে গণহত্যার চালানোর পর তাদের নাশকতাকারী বানিয়ে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সদর্পে বলছেন, তাদের [নাশকতাকারীদের] গুলি করে হত্যার অনুমোদন আছে।
দলের এই ভারপ্রাপ্ত মহাসচিব এও দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য থেকে বোঝা যায়, তাদের সঙ্গে জনগণের কোনো সর্ম্পক নেই। তারা আস্থাও হারিয়ে ফেলেছে।
তিনি আরো বলেন, সরকার ‘হটাতে’ তাই খালেদা জিয়ার নেতৃত্বে সর্বাত্মক ও দুর্বার আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই।
একই সঙ্গে সরকার বিরোধী এই আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের আহবানও জানান ফখরুল।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ‘গণতন্ত্রের সিংহ পুরষ কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ’ এর উদ্যোগে তার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
দলের সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানকে নিয়ে এই আলোচনায় দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
প্রয়াত ওবায়দুর রহমানের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি মনেপ্রাণে গণতন্ত্রে বিশ্বাস করতেন, আপাদমস্তক গণতন্ত্রমনা ছিলেন। তিনি যা বিশ্বাস করতেন, তার সঙ্গে কোনোদিনই তিনি আপস করেননি। এজন্য আওয়ামী লীগের মতো দলে ওবায়দুর রহমানের মতো গণতন্ত্রপ্রেমী নেতা থাকতে পারেননি।
সংগঠনের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী টি এম গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, সহ-আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, কবি আল মুজাহিদী, ফরিদপুর জেলা বিএনপির সভাপতি শাহজাদা মিয়া, কেন্দ্রীয় নেতা ফারুক আহমেদ, আলী আকবর চুন্নু, শাহজাদা মিয়া, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সভানেত্রী ও প্রয়াত ওবায়দুর রহমানের মেয়ে শ্যামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা পরিচালনা করেন সারোয়ার আজম খান।
