ফুল দেয়ার ব্যবস্থা করা হল কেন: সেলিম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে জামায়াত-শিবিরের সহিংসতার মধ্যে রাজধানীতে তাদের কর্মসূচি পালনের অনুমতি দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় ‘সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ প্রশ্ন তোলেন তিনি।
জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে সরকার যথাযথ ভূমিকা পালন করছে না বলে মন্তব্য করেন তিনি।
সেলিম বলেন, “রায়ের আগে কেন জামায়াতকে মতিঝিলে সমাবেশ করতে দেয়া হলো? সেখানে কেন শিবিরের পক্ষ থেকে পুলিশকে ফুল দেয়ার ব্যবস্থা করে দেয়া হলো?”
সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করে সিপিবি সভাপতি বলেন, “রাজনীতির ক্ষেত্রে দৃঢ়চিত্ত না থাকলে কোনো ফল পাওয়া যাবে না।”
ওই সময় দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়। হামলা হয় হিন্দুদের বাড়ি-ঘর, মন্দির ও দোকানপাটে।
সম্প্রীতি মঞ্চ আয়োজিত এই আলোচনা সভায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন “আমার কাছে যে তথ্য আছে তা থেকে বলছি, ভবষ্যিতে আরো বড় ধরনের সহিংস ঘটনা ঘটতে পারে। এজন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে।”
তিনি বলেন, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য একটি চক্র কাজ করছে। তাদের রুখতে হবে। যেখানে সংখ্যালঘু রয়েছে সেখানেই নাগরকি কমটি গঠন করতে হব।
সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হিন্দুদের দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান অধ্যাপক মিজানুর।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো বলেন, “বিএনপির মতো দল জামায়াতের পাশে থাকাতে তাদের শক্তি বেড়ে গেছে। এই ধরনের আক্রমণ আগেও হয়েছে। তখন সব রাজনৈতিক দল একত্রে এসে তাদের পাশে দাঁড়িয়েছিল।”
রাজনৈতিকভাবেই সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “বাবরি মসজিদ ভাংচুরের পর এ ধরনের ঘটনা ঘটেছে। এর আগে এ ধরনের ঘটনার প্রতিকার হয়েছে। তবে এবার এক মাসের বেশি সময় ধরে হামলা হলেও তা প্রতিহত করা হচ্ছে না।”
সম্প্রীতি মঞ্চের সভাপতি অধ্যাপক অজয় রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কিউ এম গোলাম রব্বানী, গণযোগাযোগ ও সাংবাদকিতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজিব মীর, উন্নয়ন কর্মী জ্যোতিকা চট্টোপাধ্যায়, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর অধিকার আন্দোলনের নেতা সঞ্জীব দ্রং ও সাংবাদিক শিশির মোড়লসহ প্রায় শতাধকি রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলোচনায় অংশ নেন।
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে দেশের সব জেলা-উপজেলায় জাতীয় কমিটি গঠন করার ঘোষণা দেয় সম্প্রীতি মঞ্চ। ওই কমিটি পর্যবেক্ষণ সেলের মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকাকে সহযোগিতা করবে।
