২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা যা করছেন তা দেশের শত্রুতা: মুহিত

বিরোধী দলীয় নেত্রীর সাম্প্রতিক কর্মকাণ্ডকে দেশের বিরুদ্ধে শত্রুতা বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 12:06 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শুক্রবার সিলেটের মদিনা মার্কেটে রূপালী ব্যাংকের শাখা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মুহিত বলেন, “তিনি জঙ্গি-হিংস্র, সন্ত্রাসীগোষ্ঠী জামায়াত-শিবিরের পৃষ্টপোষক, রক্ষাকর্তা ও আশ্রয়দাতা হিসেবে তাদের বাঁচাতে দেশে নৈরাজ্য চালাচ্ছেন। এটা পুরোপুরি দেশের শত্রুতা।”

ব্যাংকিং খাতে জালিয়াতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “ব্যাংকিংখাতে পৃথিবীজুড়েই জালিয়াতি, দুষ্টুমি হয়। বাংলাদেশেও সেটা হয়েছে।”

হল-মার্কের ঋণ জালিয়াতি প্রসঙ্গে তিনি বলেন, “দুষ্টু প্রতিষ্ঠান হলমার্ক জালিয়াতি মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে। হলমার্কের এমডি জেলে রয়েছে, তাদের শাস্তি হবেই।”

সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে কারসাজির মাধ্যমে প্রায় আড়াই হাজার কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন হল-মার্ক গ্রুপের বিরুদ্ধে কয়েকটি মামলা করে। এসব মামলায় এরই মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সহযোগিতা দেয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হয়েছেন  সোনালী ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাও।

গত বুধবার অর্থ কারসাজির ঘটনায় হল-মার্ক গ্রুপ এবং সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার বিরুদ্ধে শতাধিক মামলা করার পরিকল্পনার কথা জানায় দুর্নীতি দমন কমিশন। একই দিন অর্থমন্ত্রী হল-মার্ক কেলেঙ্কারির অর্থ পুনঃতফসিল করে তাদের শিল্প প্রতিষ্ঠান চালুর সম্ভাবনার কথা জানান।

গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে আর্থিক খাতের সংশ্লিষ্টরা অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।

মুহিত বলেন, “এ বিষয়টি নিয়ে বুদ্ধিজীবী ও ব্যাংকাররা হৈচৈ শুরু করেছেন। উনাদের চরিত্রই হৈচৈ করা। যারা এ চিৎকার চেঁচামেচি করেন তারা দেশের মঙ্গল চান না, তারা দেশের শত্রু।”

বুদ্ধীজীবী ও ব্যাংকারদের এসব কথাবার্তাকে ‘রাবিশ’ ও ‘বোগাস’ হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “যে যাই বলুক, বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে ভাল সময়।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন কামরান, অর্থমন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক বিভাগের অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জি, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ আহমদ প্রমুখ।