২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি আর রাজনৈতিক দল নেই: কামরুল

প্রধান বিরোধী দল বিএনপি তাদের ‘রাজনৈতিক চরিত্র’ হারিয়ে ‘সন্ত্রাসী দলে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 09:07 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘সন্ত্রাসের পথ পরিহার না করলে’ বিএনপির সঙ্গে কোনো ব্যাপারেই আলোচনা সম্ভব নয়।

“বিএনপি আর তাদের সঙ্গীরা নীল নকশা তৈরি করে এগিয়ে যাচ্ছে। তাই তাদের সঙ্গে আলোচনা করে কাজ হয় না।”

বিএনপি-জামায়াত জোট দেশকে ধ্বংস করে দিতে চায় বলেও অভিযোগ করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

কামরুল আশা প্রকাশ করেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকলে সঠিক সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা সম্ভব হবে।  

বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষ ভয়ংকর পরিস্থিতিতে দিন যাপন করছে মন্তব্য করে তিনি বলেন, “হরতাল এখন হঠকারী রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে। এ রকম কর্মকাণ্ডে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিলম্বিত হচ্ছে।”

হরতালের নামে বিরোধী দল ককটেল ফাটিয়ে পেট্রোল বোমা মেরে, রেল লাইন উপড়ে জনগণকে চরম ভোগান্তিতে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

আইন প্রতিমন্ত্রী বলেন, “পাকিস্তানিরা একাত্তরে বলতো, মানুষ কিংবা দেশ না। তারা পূর্ব পাকিস্তানের মাটি চায়। বিএনপিও জনগণকে ভোগান্তিতে ফেলে সে পথেই অগ্রসর হচ্ছে।”

দেশের এই ক্ষতির জন্য কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন এই আওয়ামী লীগ নেতা।

অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষক লীগের সহ সভাপতি এম এ করিম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।