২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে টানা কর্মসূচি হবে: খসরু

বিরোধী দলীয় জোটের ডাকে সারা দেশে টানা ৩৬ ঘণ্টার হরতাল শেষে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার পতনের জন্য প্রয়োজনে টানা কর্মসূচি দেয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 03:08 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বৃহস্পতিবার চট্টগ্রামের নূর আহাম্মদ সড়কে নগর বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি খসরু বলেন, “সরকার  ক্ষমতা রক্ষায় গণহত্যায়  নেমেছে। এই গণহত্যার সাথে যারা জড়িত আগামী দিনে তাদের বিচার করা হবে।”

তিনি বলেন, “সরকার পতনের জন্য প্রয়োজনে টানা কর্মসূচি দেয়া হবে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত অমাদের আন্দোলন চলবে।

দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার এই উপদেষ্টা বলেন, “রাজপথে পুলিশ গুলি চালাবে, লাঠিচার্জ করবে- এটা স্বৈরাচারী সরকারের নমুনা।”

নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে  বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, শ্রমিক দল নেতা এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান শামীম, নগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এলডিপির কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল আলম, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, জামায়াত নেতা আ জ ম ওবায়দুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।