২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিরোধী দলীয় নেতার পালানোর প্রশ্নই উঠে না’

বিরোধী দলীয় নেতা সর্ম্পকে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 01:58 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বৃহস্পতিবার বিকালে এক সংবাদ ব্রিফিঙে তিনি বলেন, “প্রধানমন্ত্রী গতকাল [বুধবার] বিরোধী দলীয় নেতাকে পাকিস্তানে চলে যেতে বলেছেন। তার এই বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবর্হিভূত বলে আমরা মনে করি।

‘‘বিরোধী দলীয় নেতা নয়, বিদেশে যদি কাউকে যেতেই হয়, পাকিস্তান অথবা আশপাশের দেশে প্রধানমন্ত্রী যেতে পারেন। কারণ, তার পালিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে। তিনি আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন।’’

এ প্রসঙ্গে ফখরুল অতীতে খালেদার ‘আপসহীন’ নেতৃত্বের কথা তুলে ধরে দাবি করেন, বিরোধী দলীয় নেতাকে ১/১১ তে বিদেশে চলে যেতে তৎকালীন সরকার চাপ দিয়েছিলো। তিনি ওই সময়ে দেশ ছেড়ে যাননি। দেশে থেকেই সংগ্রাম করেছেন, পালিয়ে যাননি।

“এখনো বিরোধী দলীয় নেতার বিদেশে পালিয়ে যাওয়ার প্রশ্নই উঠে না। আর অন্যদিকে ১/১১’র সময়ে বর্তমান প্রধানমন্ত্রী প্যারোলে বিদেশে চলে গিয়েছিলেন। যাওয়ার সময় বিমানবন্দরে তিনি তৎকালীন মইনউদ্দিন-ফখরুদ্দিন সরকারকে বৈধ্যতা দেয়ার ঘোষণাও দিয়েছিলেন।’’

বুধবার আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় খালেদাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আপনার চেহারা আজ স্পষ্ট হয়ে গেছে। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা স্বাধীনতাবিরোধীদের রক্ষা করতে চায়, বাংলার মাটিতে তাদের স্থান নাই।

“বাংলাদেশের মানুষকে আর জ্বালাতন করবেন না। পুড়িয়ে মানুষ হত্যা করবেন না। আপনার ‘পেয়ারের’ পাকিস্তানে চলে যান। ওখানেই (পাকিস্তান) যান। ওখানেই ভালো থাকবেন। আমাদের আর কষ্ট দিয়েন না, জ্বালায়েন না।’’

১৮ দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘন্টা হরতালের শেষ দিনের পরিস্থিতি জানাতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকালে এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।