সাঈদীকে চ্যালেঞ্জ রেলমন্ত্রীর
‘সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার’ দাবির প্রেক্ষাপটে রেলপথ মন্ত্রী এই জামায়াত নেতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, পারলে তিনি জেল থেকে বেরিয়ে বায়তুল মোকাররম আসুন।
সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতাল চলাকালে ‘রেলওয়েতে সংঘটিত ধংসাত্মক ও নাশকতামূলক কাযক্রম’ সম্পর্কে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মো. মুজিবুল হক এ কথা বলেন।
একাত্তরের যুদ্ধাপরাধীদের বাঁচাতে ১৮ দলের ডাকা হরতাল কর্মসূচি পালনের সময় বিএনপি-জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে ট্রেনের বগিতে আগুন দেয়, রেললাইন উপড়ে ফেলে, রেলের স্লিপার তুলে ফেলাসহ রেলওয়ের বিভিন্ন স্থাপনায় চোরাগোপ্তা হামলা চালায়।
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী বর্তমানে কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।
এই জামায়াত নেতার সমালোচনা করে নিজের আঞ্চলিক ভাষায় মুজিবুল হক বলেন, “কয়দিন আগে একটা গুজব [সাঈদীকে চাঁদে দেখা গেছে] তারা ছড়ায় (ছড়িয়ে) দিছু (দিয়েছে)।
“বন্দি অবস্থায় সে [সাঈদী] যদি কারাগার থেকে ছাদে (চাঁদে) যেতে পারেন, তাহলে নিমতলী জেলখানা (কেন্দ্রীয় কারাগার) থেকে সে বায়তুল মোকাররম এলাকায় এসে দেখাক।”
জামায়াত-শিবিরকে ‘দেশ, জাতি ও স্বাধীনতার শত্রু’ বলেও আখ্যায়িত করেন রেলমন্ত্রী।
তিনি বলেন, আলেম সমাজ আওয়ামী লীগের কাছে ‘অত্যন্ত সম্মানীয়’।
সাঈদীর ফাঁসির রায়ের পরে তাকে ‘চাঁদে দেখা গেছে’ বলে দেশের বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে এবং সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ায় জামায়াত-শিবির কর্মীরা।
এই গুজবে সাড়া দিয়ে অনেক সাঈদী ‘ভক্ত’ সারা দেশে পুলিশের সঙ্গে সহিংসতায় লিপ্ত হয় ও তাণ্ডব চালায়। এতে পুলিশসহ বেশ কয়েকজন নিহত হয়।
এই গুজবকে কেন্দ্র করে জামায়াত-শিবির বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও দোকানপাটে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।
তবে এই গুজবকে আলেম-ওলামা এবং ইসলামী চিন্তাবিদরা ‘কাল্পনিক’ অ্যাখ্যায়িত করে বলেছেন, ‘এতে বিশ্বাস করলে ঈমান থাকবে না, এমনকি এটা শিরকের সামিল।’
