২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদর্শের লড়াইয়ে সংলাপে ফল হয় না: নৌমন্ত্রী

বর্তমান রাজনৈতিক অস্থিরতা প্রশমনে বিভিন্ন মহল থেকে দুই নেত্রীকে সংলাপের বসানোর দাবির মধ্যে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বললেন, আদর্শের লড়াইয়ে সংলাপে কোনো ফল আসবে না।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 10:24 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর বার অ্যাসোসিয়েশনের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
 

নৌমন্ত্রী বলেন, “বিগত দিনে মান্নান ও জলিলের সংলাপে কোন রেজাল্ট হয়েছে? জিনিসটা পরিষ্কার যুদ্ধাপরাধীদের বিচার হবে কী হবে না। আজকে বাংলাদেশে যারা ৭১ সালে মানুষ হত্যা করেছে, মা বোনদের উপর পাশবিক নির্যাতন করেছে, তাদের বিচার হবে- এই প্রশ্নে আমাদের ছাড় দেয়ার কোন জায়গা নেই। তাহলে যারা শহীদ হয়েছে এবং যে সমস্ত পরিবারের মা-বোন তাদের ইজ্জত হারিছেন তারা আমাদের অভিশাপ দিবে।”

এরই মধ্যে হাই কোর্ট অবাধ ও স্বচ্ছভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চলমান রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগ সভানেত্রী ও বিএনপি চেয়ারপার্সন এবং তাদের নেতৃত্বাধীন জোটের মধ্যে সংসদের ভিতরে-বাইরে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে।

শাজাহান খান বলেন, হরতালকারীরা এ পর্যন্ত ৪ শতাধিক গাড়ি ভাংচুর করেছে, এতে বাংলাদেশের প্রায় ১৮ কোটি টাকার ক্ষতি করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান কালু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বারের সেক্রেটারি আহসানুল হক টুকু, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ বারের অন্য সদস্যরা।